৩৩/২৮. অধ্যায়ঃ
হুনায়ন যুদ্ধ
হুনাইনের দিনে নবীজির সাহস ও আল্লাহর সাহায্য
সহীহ মুসলিম : ৪৫০৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫০৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ يَا أَبَا عُمَارَةَ أَفَرَرْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ عَلَيْهِمْ سِلاَحٌ أَوْ كَثِيرُ سِلاَحٍ فَلَقُوا قَوْمًا رُمَاةً لاَ يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ جَمْعَ هَوَازِنَ وَبَنِي نَصْرٍ فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ فَأَقْبَلُوا هُنَاكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَقُودُ بِهِ فَنَزَلَ فَاسْتَنْصَرَ وَقَالَ " أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ " . ثُمَّ صَفَّهُمْ .
আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বারা (রাঃ)-কে বললেন, হে আবু উমারাহ! আপনারা কি হুনাইনের যুদ্ধে পলায়ন করেছিলেন? তিনি বললেন, না। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) পলায়ন করেননি। বরং তাঁর কয়েকজন হালকা-পাতলা, চালাক-চতুর তরুণ সাথী, অস্ত্র-শস্ত্র ও বেশি হাতিয়ারবিহীন তাঁরা সরে পড়েন। তাঁরা এমন একদল তীরন্দাজের মুকাবিলা করছিলেন, যাদের তীরের লক্ষ্যস্থল ব্যর্থ হবার নয়। তারা ছিল হাওয়াজিন ও নায্র গোত্রের লোক। তারা এমনভাবে তীর ছুঁড়ছিল যে, লক্ষ্যস্থল ব্যর্থ হওয়ার ছিল না। তখন তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে এগিয়ে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) সে সময় তাঁর সাদা রঙের খচ্চরের উপর ছিলেন। আর আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) একে টেনে নিয়ে যাচ্ছিলেন। তিনি নামলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। রাবী বলেন, যেন তিনি বলেছিলেনঃ “আমি অবশ্যই নাবী, এ কথা মিথ্যা নয়। আমি ইবনু আবদুল মুত্তালিব”। তারপর তিনি স্বীয় সেনাদলকে শ্রেণীবদ্ধ করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৬৪, ইসলামীক সেন্টারঃ ৪৪৬৬
সহীহ মুসলিম হাদিস ৪৫০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুনাইনের যুদ্ধের একটি কঠিন মুহূর্ত তুলে ধরা হয়েছে। একজন ব্যক্তি বারা (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, তাঁরা কি হুনাইনের দিন পলায়ন করেছিলেন? বারা (রাঃ) স্পষ্টভাবে বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পলায়ন করেননি। কিছু তরুণ সাহাবী, যাদের কাছে অস্ত্র কম ছিল, দক্ষ তীরন্দাজদের সামনে পড়ে সরে আসেন। শত্রুপক্ষ ছিল হাওয়াজিন ও নায্র গোত্রের তীরন্দাজ, যাদের তীর খুব নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছিল। এই চাপের সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাদা খচ্চরের উপর ছিলেন। তিনি নেমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং নিজের নবুয়তের সত্যতা ঘোষণা করলেন। এরপর তিনি সেনাদলকে শ্রেণীবদ্ধ করলেন। হাদিসটি হুনাইনের যুদ্ধ, নবীজির সাহস, আল্লাহর সাহায্য এবং নেতৃত্বের দৃঢ়তা নিয়ে গভীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন বিপদের সময় নবী صلى الله عليه وسلم দৃঢ় ছিলেন এবং পিছু হটেননি।
- যুদ্ধের কঠিন মুহূর্তেও আল্লাহর সাহায্য চাওয়া জরুরি।
- নেতার কাজ হলো ভয় না পেয়ে লোকদের আবার সাজিয়ে নেওয়া।
- অস্ত্র ও প্রস্তুতির ঘাটতি মানুষকে দুর্বল করতে পারে, তাই সতর্কতা দরকার।
