৩১/১১. অধ্যায়ঃ
বিচারক কর্তৃক বিবাদমান দু’দলের মধ্যে মীমাংসা করে দেয়া উত্তম
জমির স্বর্ণ নিয়ে সততা ও ন্যায়বিচারের হাদিস
সহীহ মুসলিম : ৪৩৮৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৮৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ . فَقَالَ الَّذِي شَرَى الأَرْضَ إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا - قَالَ - فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ فَقَالَ أَحَدُهُمَا لِي غُلاَمٌ وَقَالَ الآخَرُ لِي جَارِيَةٌ . قَالَ أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِكُمَا مِنْهُ وَتَصَدَّقَا " .
মা‘মারের মাধ্যমে হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) যে সকল হাদিস আমাদের বর্ণনা করেছেন তার মধ্যে একটি এই যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে। যে ব্যক্তি জমি ক্রয় করেছিল সে তার কেনা সম্পত্তিতে একটি কলসি পেল। তাতে স্বর্ণ ছিল। যে ব্যক্তি জমি ক্রয় করেছিল সে বিক্রেতাকে বলল, “তুমি আমার কাছ থেকে তোমার স্বর্ণ বুঝে নাও। আমি তোমার কাছে থেকে জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি।” তখন যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছিল সে বলল, “আমি তো তোমার কাছে জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি।” তিনি বলেন, তারপর উভয়েই এক ব্যক্তির কাছে গিয়ে এর ফয়সালা চাইল। তখন সে বলল, “তোমাদের কি কোন সন্তান আছে?” তাদের একজন বলল যে, “আমার একটি ছেলে আছে” এবং অপর জন বলল, “আমার একটি মেয়ে আছে।” তখন তিনি বললেন, “তোমরা ছেলেটিকে মেয়েটির সঙ্গে বিয়ে দাও এবং এ উপলক্ষে তোমরা তোমাদের উপর তা ব্যয় কর এবং এ থেকে সদাকাও কর।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৪৮, ইসলামীক সেন্টারঃ ৪৩৪৮
সহীহ মুসলিম হাদিস ৪৩৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি জমি কিনে সেই জমিতে স্বর্ণভর্তি একটি কলসি পায়। সাধারণভাবে মানুষ এমন সম্পদ নিজের করে নিতে চাইতে পারে, কিন্তু এখানে ক্রেতা ও বিক্রেতা দুজনই সততার পরিচয় দেয়। ক্রেতা বলে, সে জমি কিনেছে, স্বর্ণ নয়। বিক্রেতা বলে, সে জমি এবং জমির মধ্যে যা আছে সবই বিক্রি করেছে। ফলে উভয়েই সম্পদ নিজের জন্য টানাটানি না করে ন্যায়ভিত্তিক ফয়সালা চায়। বিচারক তাদের সন্তানদের কথা জিজ্ঞেস করে ছেলে-মেয়ের বিয়ের মাধ্যমে সম্পদ ব্যবহার, নিজেদের খরচ এবং সদাকার নির্দেশ দেন। এই হাদিস আমানত, সম্পদে সততা, বিরোধে শান্তিপূর্ণ সমাধান এবং সদাকার গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের সম্পদ নিজের করে নেওয়ার লোভ থেকে দূরে থাকা উচিত।
- বিরোধ হলে শান্তভাবে ন্যায়ভিত্তিক ফয়সালা চাওয়া ভালো।
- সততা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছেই জরুরি।
- সম্পদ ভালো কাজে ও সদাকায় ব্যয় করা প্রশংসনীয়।
