২৩/১২. অধ্যায়ঃ
মদ বিক্রি করা হারাম
মদ পান হারাম হলে বিক্রিও হারাম
সহীহ মুসলিম : ৩৯৩৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৩৬
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ وَعْلَةَ - رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ - أَنَّهُ جَاءَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ح . وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، وَغَيْرُهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ السَّبَإِيِّ، - مِنْ أَهْلِ مِصْرَ - أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنْ الْعِنَبِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ رَجُلًا أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ قَدْ حَرَّمَهَا قَالَ لَا فَسَارَّ إِنْسَانًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَ سَارَرْتَهُ فَقَالَ أَمَرْتُهُ بِبَيْعِهَا فَقَالَ إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا قَالَ فَفَتَحَ الْمَزَادَةَ حَتَّى ذَهَبَ مَا فِيهَا
‘আবদুর রহমান ইবন ওয়ালাতা আস সাবাঈ মিসরী (রহঃ) -এর সূত হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর নিকট আঙ্গুরের রস সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক মশক মদ উপহারস্বরূপ নিয়ে আসে।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি কি জান না যে, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন? সে বলল, না। অতঃপর সে এক ব্যক্তির সাথে কানাকানি করল। রাসূলুল্লাহ (ﷺ) সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে গোপনে কী বললে? সে বলল, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। এরপর তিনি বললেন, যিনি (আল্লাহ) এটা পান করা হারাম করেছেন তিনি এর বিক্রিও হারাম করে দিয়েছেন। রাবী বলেন, এরপর সে মশকের মুখ খুলে দিল এবং তার মধ্যে যা কিছু ছিল সব পড়ে গেল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৯৯, ইসলামীক সেন্টারঃ ৩৮৯৮
সহীহ মুসলিম হাদিস ৩৯৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবন আব্বাস রাঃ আঙ্গুরের রস বিষয়ে জিজ্ঞাসার জবাবে একটি ঘটনা বলেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এক মশক মদ উপহার হিসেবে নিয়ে আসে। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করেন, সে কি জানে না যে আল্লাহ তা হারাম করেছেন। সে জানত না। পরে সে আরেকজনকে গোপনে কিছু বলে। নবী صلى الله عليه وسلم জানতে চাইলে বলা হয়, তাকে মদ বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে। তখন নবী صلى الله عليه وسلم বলেন, যিনি মদ পান করা হারাম করেছেন, তিনি এর বিক্রিও হারাম করেছেন। এরপর লোকটি মশকের মুখ খুলে দেয় এবং যা ছিল সব পড়ে যায়। হাদিসটি মদের বেচাকেনা হারাম হওয়ার বিষয়টি খুব স্পষ্টভাবে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদ পান হারাম হলে মদ বিক্রিও হারাম।
- হারাম জিনিস বিক্রি করে লাভ নেওয়া গ্রহণযোগ্য নয়।
- ভুল জানলে নবী صلى الله عليه وسلم তা পরিষ্কার করে সংশোধন করতেন।
- আল্লাহর বিধান জানার পর হারাম জিনিস ছেড়ে দিতে হবে।
