১৪/১৪. অধ্যায়ঃ
রমাযানের দিনে সওমরত অবস্থায় স্ত্রী সহবাস করা কঠোর হারাম, কেউ যদি এ ধরনের কাজ করে তবে তার উপর বড় ধরনের কাফ্ফারাহ্ ওয়াজিব- সে বিত্তশালী হোক বা বিত্তহীন, তবে বিত্তহীন ব্যক্তির পক্ষে যখন সম্ভব হয়, তখন এ কাফ্ফারাহ আদায় করতে হবে
রমজানে সাওম ভঙ্গের কাফফারা: দয়া ও শিক্ষা
সহীহ মুসলিম : ২৪৮৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪৮৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " وَمَا أَهْلَكَكَ " . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ . قَالَ " هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً " . قَالَ لاَ . قَالَ " فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ " . قَالَ لاَ . قَالَ " فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا " . قَالَ لاَ - قَالَ - ثُمَّ جَلَسَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ . فَقَالَ " تَصَدَّقْ بِهَذَا " . قَالَ أَفْقَرَ مِنَّا فَمَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا . فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ " اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি বললেন, কিসে তোমাকে ধ্বংস করেছে? সে বলল, আমি রমজানে সাওমরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি।তিনি বললেন, তোমার কোন ক্রীতদাস আছে কি যাকে তুমি আজাদ করে দিতে পার? সে বলল, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি ক্রমাগত দুই মাস সাওম পালন করতে পারবে? সে বলল, না।পুনরায় নবী (ﷺ) বললেন, তুমি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে কি? সে বলল, না।তারপর সে বসে গেল। এরপর নবী (ﷺ)-এর নিকট এক টুকরি খেজুর আনা হলো। তিনি লোকটিকে বললেন, এগুলো সদাকা করে দাও। তখন সে বলল, আমার চেয়েও অভাবী লোককে সদাকা করে দেব? (মদিনার) দুইটি কংকরময় ভূমির মধ্যস্থিত স্থানে আমার পরিবারের চেয়ে অভাবী আর একটি নেই। এ কথা শুনে নবী (ﷺ) হেসে দিলেন। এমনকি তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ল। তখন তিনি বললেন, তাহলে যাও এবং তোমার পরিবারকে খেতে দাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৬২, ইসলামীক সেন্টারঃ ২৪৬১
সহীহ মুসলিম হাদিস ২৪৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি ধ্বংস হয়ে গেছেন। কারণ তিনি রমজানে সাওম অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছেন। রাসূল صلى الله عليه وسلم তাঁকে কাফফারার ধাপ জিজ্ঞেস করেন—ক্রীতদাস মুক্ত করতে পারবে কি, টানা দুই মাস সাওম রাখতে পারবে কি, ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে কি। লোকটি প্রতিবারই বলে, পারে না। পরে নবী صلى الله عليه وسلم-এর কাছে খেজুরের একটি টুকরি এলে তিনি বলেন, এগুলো সদাকা করে দাও। লোকটি জানায়, তার পরিবারের চেয়ে বেশি অভাবী কেউ নেই। তখন নবী صلى الله عليه وسلم হাসেন এবং বলেন, তাহলে তোমার পরিবারকে খেতে দাও। এই হাদিসে রমজানে সহবাসের কাফফারা, সাওমের মর্যাদা, অপরাধ স্বীকার, এবং রাসূল صلى الله عليه وسلم-এর দয়ার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রমজানে সাওম অবস্থায় সহবাস গুরুতর বিষয়—লোকটি নিজেই তা ভয় নিয়ে বলেছে।
- কাফফারার ধাপ বর্ণনায় এসেছে: দাস মুক্তি, দুই মাস সাওম, ষাট মিসকিনকে খাওয়ানো।
- অসহায় অবস্থায় নবী صلى الله عليه وسلم প্রশ্নকারীর বাস্তব অবস্থা বিবেচনা করেছেন।
- ভুল হলে তা লুকানো নয়, সঠিক পথ জানতে আলেমের কাছে যাওয়া উচিত।
