১৩/১৯. অধ্যায়ঃ
হালাল উপার্জন থেকে সদাক্বাহ্ গ্রহণ এবং সদাক্বার মাল রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালন প্রসঙ্গে
হালাল রিজিক ও দোয়া কবুলের শিক্ষা
সহীহ মুসলিম : ২২৩৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৩৬
وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ { يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} " . ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “আল্লাহ তা’আলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহ তা’আলা তাঁর প্রেরিত রাসূলদের যে হুকুম দিয়েছেন মুমিনদেরকেও সে হুকুম দিয়েছেন। “হে রাসূলগণ! তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার কর এবং ভালো কাজ কর। আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত”। (সূরা আল মু’মিনুন ২৩:৫১)তিনি (আল্লাহ) আরো বলেছেন, “তোমরা যারা ঈমান এনেছ শোন! আমি তোমাদের যে সব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা খাও”- (সূরা আল বাকারা ২:১৭২)। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দূর-দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে। ফলে সে ধূলিধূসরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, “হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কিভাবে কবুল করতে পারেন?”
ইসলামী ফাউন্ডেশনঃ ২২১৫, ইসলামীক সেন্টারঃ ২২১৬
সহীহ মুসলিম হাদিস ২২৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাসূলদের যেমন পবিত্র জিনিস খেতে ও সৎকাজ করতে বলেছেন, মুমিনদেরও তেমন নির্দেশ দিয়েছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) এমন একজন ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফরে ক্লান্ত, ধূলিধূসরিত, এলোমেলো চুল নিয়ে আকাশের দিকে হাত তুলে ‘হে আমার রব’ বলে দোয়া করছে। কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত। এমন অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হবে—এই প্রশ্ন করা হয়েছে। হাদিসটি আমাদের শেখায়, দোয়া শুধু মুখের কথা নয়; জীবনের আয়, খাবার, পোশাক ও রিজিকের হালাল হওয়াও গুরুত্বপূর্ণ। হালাল রিজিক, পবিত্র উপার্জন এবং সৎকাজ—এসব দোয়ার আদবের সঙ্গে গভীরভাবে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ পবিত্র এবং পবিত্র বস্তু গ্রহণ করেন।
- খাদ্য, পানীয় ও পোশাক হালাল হওয়া মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
- দোয়ার সঙ্গে জীবনের আমল ও উপার্জনের সম্পর্ক আছে।
- হারাম রিজিক দোয়া কবুলের পথে বাধা হতে পারে।
