৯/৪. অধ্যায়ঃ
ঈদের দিনগুলোতে আল্লাহর নাফরমানী হয় না এমন ক্রীড়া-কৌতুক করার অবকাশ প্রদান
আবিসিনীয়দের খেলা দেখা ও নববী কোমলতা
সহীহ মুসলিম : ১৯৪৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৪৯
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي - وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ . فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! আমি রসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম, তিনি আমার হুজরার দরজায় দাঁড়িয়ে আছেন আর আবিসিনিয়ার যুবকেরা তাদের অস্ত্র দ্বারা রসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে তাদের যুদ্ধের কলাকৌশল দেখাচ্ছে। রসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর চাদর দ্বারা আড়াল করে দিচ্ছেন যাতে আমি তাদের খেলা দেখতে পারি। অতঃপর তিনি (ﷺ) আমার জন্য দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ আমি নিজে ফিরে না আসি। অতএব অল্পবয়স্কা বালিকাদের খেলা-তামাশার প্রতি যে লোভ রয়েছে তার মূল্যায়ন কর (তার সখ পূর্ণ কর)।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৩৪, ইসলামীক সেন্টারঃ ১৯৪১
সহীহ মুসলিম হাদিস ১৯৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা (রাঃ) শপথ করে বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে নিজের হুজরার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তখন আবিসিনিয়ার যুবকেরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মসজিদে অস্ত্র দিয়ে যুদ্ধের কলাকৌশল দেখাচ্ছিল। নবী (صلى الله عليه وسلم) আয়েশা (রাঃ)-কে নিজের চাদর দিয়ে আড়াল করে দিলেন, যেন তিনি খেলা দেখতে পারেন। তিনি তাঁর জন্য দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না আয়েশা (রাঃ) নিজে ফিরে এলেন। হাদিসের শেষে অল্পবয়স্কা বালিকাদের খেলা-তামাশার প্রতি আগ্রহের মূল্যায়ন করতে বলা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো—পরিবারের সদস্যদের বৈধ আনন্দ, আগ্রহ ও মানসিক চাহিদাকে সম্মান করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অল্পবয়সীদের স্বাভাবিক আনন্দ ও আগ্রহকে বুঝতে বলা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আয়েশা (রাঃ)-এর ইচ্ছার প্রতি ধৈর্য দেখিয়েছেন।
- যুদ্ধকৌশল প্রদর্শনের ঘটনাটি নির্দিষ্ট পরিবেশে বর্ণিত হয়েছে।
- পরিবারে কোমলতা ও সঙ্গ দেওয়ার সুন্দর শিক্ষা আছে।
