১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮৯ - মালিকের বস্তু বহন বিষয়ক জাল হাদিস
১ থেকে ১০০ নং হাদিস
মালিকের বস্তু বহন ও সাহায্য: সুন্দর অর্থ হলেও জাল হাদিস
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৮৯
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৮৯
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
বস্তুর মালিকই তার বস্তুটি বহন করার অধিক হকদার। তবে সে যদি দুর্বলতার কারণে তা বহন করতে অক্ষম হয়, তাহলে তাকে তার মুসলিম ভাই সহযোগিতা করবে।
হাদীসটি জাল। হাদীসটি ইবনুল আ’রাবী তার ‘‘আল-মু’জাম’’ গ্রন্থে (২৩৫/১-২), ইবনু বিশরান ‘‘আল-‘আমালী’’ গ্রন্থে (২/৫৩-৫৪) ও মুহাম্মাদ ইবনু নাসীর ‘‘আত-তানবীহ’’ গ্রন্থে (১৬/১-২) ইউসুফ ইবনু যিয়াদ আল-বাসারী সূত্রে তার শাইখ আব্দুর রহমান ইবনু যিয়াদ ইবনে আন‘আম হতে ...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ এ সনদটি একেবারেই নিম্ন পর্যায়ের। উক্ত ইউসুফ সম্পর্কে ‘‘তারীখুল কাবীর’’ গ্রন্থে (৪/২/৩৮৮) ইমাম বুখারী বলেনঃ তিনি মুনকারুল হাদীস। ইবনুল জাওযী হাদীসটিকে তার ‘‘আল-মাওযূ‘আত’’ গ্রন্থে (৩/৪৭) ইবনু আদীর সূত্রে উল্লেখ করে বলেছেনঃ হাদীসটি সহীহ নয়। দারাকুতনি ‘‘আল-আফরাদ’’ গ্রন্থে বলেনঃ এ হাদীসটির সমস্যা হচ্ছে ইউসুফ ইবনু যিয়াদ। কারণ তিনি বাতিল হাদীস বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ। আর তিনি ছাড়া ইফরীকী হতে অন্য কেউ বর্ণনা করেননি। মানাবী তার ‘‘আল-ফায়য’’ গ্রন্থে বলেন, হাফিজ ইরাকী ও ইবনু হাজার বলেছেনঃ তিনি দুর্বল। সাখাবী বলেনঃ তিনি নিতান্তই দুর্বল। ইবনুল জাওযী হাদীসটির ব্যাপারে জাল হিসাবে হুকুম লাগিয়ে বলেছেন যে, তাতে ইউসুফ ইবনু যিয়াদ আল-বাসরী রয়েছেন, তিনি আব্দুর রহমান আল-ইফরীকী হতে বর্ণনা করেছেন। তিনি তার নিকট হতে একমাত্র বর্ণনাকারী। সুয়ূতী বলেনঃ তিনি আব্দুর রহমান হতে একক বর্ণনাকারী নন, বরং বাইহাক্বী তার ‘‘আল-শু‘ইয়াব’’ গ্রন্থে এবং ‘‘আল-আদাব’’ গ্রন্থে হাফস ইবনু আব্দির রহমান সূত্রে বর্ণনা করেছেন। এর উত্তরে বলতে হচ্ছে যে আমরা আব্দুর রহমান আল-ইফরীকীর কথা বলছি। ইবনু হিব্বান বলেনঃ (আরবি) ‘তিনি (ইউসুফ) নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনাকারী। অতএব তিনিই হাদীসটি জাল হওয়ার জন্যে যথেষ্ট। আমি (আলবানী) বলছিঃ হক হচ্ছে ইবনুল জাওযীর সাথে (তার কথাই ঠিক)। যারা ইউসুফকে শুধু দুর্বল বলেছেন, তারা তিনি যে, নিতান্তই দুর্বল তা না বলে ভুল করেছেন। এছাড়া (দ্বিতীয় কারণ) শাইখ আব্দুর রহমান আল-ইফরীকীও যে নিতান্তই দুর্বল এটি বলতেও তারা ভুলে গেছেন। খাতীব বাগদাদী তার ‘‘তারিখু বাগদাদ’’ গ্রন্থে (১৪/ ২৯৫-২৯৬) ইউসুফ সম্পর্কে বলেন, নাসাঈ হতে বর্ণিত হয়েছে তিনি বলেনঃ তিনি নির্ভরযোগ্য নন। বুখারী ও সাজী বলেনঃ তিনি মুনকারুল হাদীস। আবূ হাতিমও এরূপ কথাই বলেছেন, যেমনভাবে তার ‘‘আল-জারহু ওয়াত তা‘দীল’’ গ্রন্থে (৪/২২২) এসেছে। তিনি হচ্ছেন মিথ্যার দোষে অভিযুক্ত। সাখাবী হাদীসটি ‘‘ফাতওয়াল হাদীসাহ্’’ গ্রন্থে (কাফ ৮৬/১) উল্লেখ করে বলেছেনঃ হাদীসটির সনদ নিতান্তই দুর্বল।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, বস্তুর মালিকই তার বস্তু বহন করার অধিক হকদার; তবে সে দুর্বল হলে তার মুসলিম ভাই তাকে সাহায্য করবে। কথাটি আচরণের দিক থেকে ভালো মনে হতে পারে, কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। সনদে ইউসুফ ইবনু যিয়াদ আল-বাসরী আছেন। ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিস বলেছেন। দারাকুতনী বলেছেন, তিনি বাতিল হাদিস বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ। ইবনু হিব্বান বলেছেন, তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদিস বর্ণনা করতেন। আরও আছে আব্দুর রহমান আল-ইফরীকী, যিনি নিতান্ত দুর্বল। তাই হাদিস যাচাইয়ের বড় শিক্ষা হলো: কোনো কথা সুন্দর নৈতিকতা শেখালেও, রাসূল (সা.)-এর নামে বলতে হলে সনদ সহিহ হতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো অর্থের কথা হলেও তা জাল হাদিস হতে পারে।
- রাসূলের নামে কথা বলার আগে সনদ যাচাই জরুরি।
- দুর্বলকে সাহায্য করা ভালো কাজ, তবে এই নির্দিষ্ট বর্ণনা দলীল নয়।
- মিথ্যার দোষে অভিযুক্ত বর্ণনাকারী থাকলে হাদিস গ্রহণযোগ্য থাকে না।
