২/৭৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় বা নামায় তার ব্যাপারে হুঁশিয়ারি
ইমামের আগে মাথা উঠানো: সালাতে বড় সতর্কবার্তা
সুনানে আবূ দাউদ : ৬২৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬২৩
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا يَخْشَى - أَوْ أَلاَ يَخْشَى - أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ وَالإِمَامُ سَاجِدٌ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কি ভয় হয় না, ইমাম সিজদায় থাকাবস্থায় কেউ মাথা উঠালে আল্লাহ তার মাথাকে গাধার মাথা অথবা তার আকৃতিকে গাধার আকৃতিতে রূপান্তরিত করে দিতে পারেন।
সহীহঃ বুখারী ও মুসলিমহাদীস থেকে শিক্ষাঃ ইমাম খাত্তাবী (রহঃ) বলেন, ঐরূপ আচরণকারীদের হুকুম নিয়ে মতভেদ রয়েছে। ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ “যে ব্যক্তি ঐরূপ করবে তার সলাত হবে না।” আহলি ‘ইলমগণ বলেনঃ সে মন্দ কাজ করল, তবে তার সলাত জায়িয হয়ে যাবে। অবশ্য বহু আহলি ‘ইলম তাকে পুনরায় সাজদাহ করার নির্দেশ দিয়েছেন। কতিপয় আহলি ‘ইলম বলেছেনঃ সাজদাহ থেকে ইমামের মাথা উত্তোলনের পরও সে যেটুকু সময় ছেড়ে দিয়েছিল সেটুকু সময় পর্যন্ত সাজদাহয় অবস্থান করবে। মূলতঃ সলাতে ইমামের আগে কিছু করা যে কত বড় অন্যায় উপরোক্ত আলোচনায় তাই সুস্পষ্ট। এছাড়া হাদীসে বর্ণিত শাস্তি সম্পর্কে কোন কোন বিদ্বান বলেছেনঃ উক্ত ব্যক্তিকে মূর্খ আখ্যায়িত করার জন্য গাধার সাদৃশ্য করাকে উপমা দেয়া হয়েছে। অর্থাৎ ইমামের অনুসরণ ও সলাতের ফারযিয়্যাত সম্পর্কে সে অজ্ঞই রয়ে গেল, যা জানা কিনা তার জন্য ওয়াজিব ছিল। আল্লাহই অধিক জ্ঞাত।
সুনানে আবূ দাউদ হাদিস ৬২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে ইমামের আগে মাথা উঠানোর বিষয়ে কঠিন সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, ইমাম সিজদায় থাকা অবস্থায় কেউ মাথা উঠালে কি সে ভয় করে না যে আল্লাহ তার মাথা গাধার মাথা অথবা তার আকৃতি গাধার আকৃতিতে বদলে দিতে পারেন? হাদিসটির ভাষা খুব শক্ত, তাই এর শিক্ষা হলো জামাতে সালাতে ইমামের আগে কোনো কাজ করা থেকে সতর্ক থাকা। বিশেষ করে সিজদার মতো গুরুত্বপূর্ণ অবস্থানে তাড়াহুড়া করা ঠিক নয়। এখানে মূল বিষয় হলো ইমামের অনুসরণ, ধৈর্য এবং সালাতের আদব। মুসল্লির উচিত ইমামের কাজ শেষ হওয়ার পর নিজে সেই কাজ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম সিজদায় থাকলে আগে মাথা উঠানো থেকে বিরত থাকতে হবে।
- সালাতে তাড়াহুড়া করা বড় ভুলের কারণ হতে পারে।
- জামাতে সালাতে ইমামের অনুসরণ খুব গুরুত্বের বিষয়।
- হাদিসটি মুসল্লিকে ভয় ও সতর্কতার সাথে সালাত পড়তে শেখায়।
