৪০/২৪. অধ্যায়ঃ
মাইয ইবনু মালিককে রজম করার ঘটনা
মাঈযের ঘটনায় তওবা ও যাচাইয়ের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৪৪২০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪২০
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ ذَكَرْتُ لِعَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ قِصَّةَ مَاعِزِ بْنِ مَالِكٍ فَقَالَ لِي حَدَّثَنِي حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ حَدَّثَنِي ذَلِكَ، مِنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " فَهَلاَّ تَرَكْتُمُوهُ " . مَنْ شِئْتُمْ مِنْ رِجَالِ أَسْلَمَ مِمَّنْ لاَ أَتَّهِمُ . قَالَ وَلَمْ أَعْرِفْ هَذَا الْحَدِيثَ قَالَ فَجِئْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقُلْتُ إِنَّ رِجَالاً مِنْ أَسْلَمَ يُحَدِّثُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُمْ حِينَ ذَكَرُوا لَهُ جَزَعَ مَاعِزٍ مِنَ الْحِجَارَةِ حِينَ أَصَابَتْهُ " أَلاَّ تَرَكْتُمُوهُ " . وَمَا أَعْرِفُ الْحَدِيثَ قَالَ يَا ابْنَ أَخِي أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ كُنْتُ فِيمَنْ رَجَمَ الرَّجُلَ إِنَّا لَمَّا خَرَجْنَا بِهِ فَرَجَمْنَاهُ فَوَجَدَ مَسَّ الْحِجَارَةِ صَرَخَ بِنَا يَا قَوْمِ رُدُّونِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ قَوْمِي قَتَلُونِي وَغَرُّونِي مِنْ نَفْسِي وَأَخْبَرُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ قَاتِلِي فَلَمْ نَنْزِعْ عَنْهُ حَتَّى قَتَلْنَاهُ فَلَمَّا رَجَعْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَخْبَرْنَاهُ قَالَ " فَهَلاَّ تَرَكْتُمُوهُ وَجِئْتُمُونِي بِهِ " . لِيَسْتَثْبِتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهُ فَأَمَّا لِتَرْكِ حَدٍّ فَلاَ قَالَ فَعَرَفْتُ وَجْهَ الْحَدِيثِ .
মুহাম্মাদ ইবনু ইসহাক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মাঈয ইবনু মালিকের ঘটনা আসিম ইবনু উমর ইবনু কাতাদার নিকট উল্লেখ করলাম। তিনি আমাকে বললেন, হাসান ইবনু মুহাম্মাদ ইবনু আলী ইবনু আবু তালিব আমাকে বলেছেন, এরা আসলাম গোত্রের কতক লোক যাদেরকে আমি দোষারোপ করি না এবং যাদের নিকট হতে তুমি আমার নিকট রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী: ‘তোমরা তাকে ছেড়ে দিলে না কেন’ বর্ণনা করছো। আমি এ হাদিস হৃদয়ঙ্গম করতে পারিনি।অতএব আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) এর নিকট এসে বললাম, আসলাম গোত্রের কতক লোক বর্ণনা করেছে যে, পাথর নিক্ষেপের মারাত্মক চোট পেয়ে মাঈযের হতবুদ্ধি হয়ে যাওয়ার ঘটনা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আলোচনা করাতে তিনি বলেন: ‘তোমরা তাকে ছেড়ে দিলে না কেন?’ অথচ আমি তো এ হাদিস সম্পর্কে জানি না।জাবির (রাঃ) বললেন, হে ভাতিজা! এ হাদিস সম্পর্কিত ঘটনা আমি অধিক জ্ঞাত। কেননা আমিও লোকটিকে পাথর মারার জন্য নিযুক্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম। আমরা যখন তাকে নিয়ে বেরিয়ে গিয়ে পাথর মারা শুরু করলাম তখন পাথর নিক্ষেপের মারাত্মক চোট পেয়ে সে আমাদের নিকট চিৎকার করে বলতে লাগল, হে লোক সকল! তোমরা আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ফিরিয়ে নিয়ে চলো। আমার আপনজনেরাই আমাকে হত্যার জন্য দায়ী। তারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তারা আমাকে বলেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে হত্যা করবেন না। তথাপি আমরা তাকে হত্যা না করে ছাড়িনি।অতঃপর আমরা যখন ফিরে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসব কথা বললাম, তখন তিনি বললেন: তোমরা তাকে ছেড়ে দিলে না কেন এবং আমার নিকট নিয়ে এলে না কেন? যাতে রাসূলুল্লাহ (ﷺ) তার অনুতাপ কবুল করতেন। কিন্তু তিনি হাদ্দ পরিত্যাগ করার জন্য একথা বলেননি। বর্ণনাকারী বলেন, এবার আমি এ হাদিসের মর্ম বুঝতে পারলাম।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাঈয ইবনু মালিকের ঘটনার আরেক দিক ব্যাখ্যা করা হয়েছে। বর্ণনাকারী প্রথমে ঘটনাটি পুরো বুঝতে পারেননি। পরে জাবির (রাঃ)-এর কাছে গেলে তিনি বলেন, তিনি নিজে পাথর মারার লোকদের মধ্যে ছিলেন। মাঈয পাথরের কষ্ট পেয়ে চিৎকার করে বলেছিলেন, তাকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে ফিরিয়ে নেওয়া হোক; তার লোকেরা তাকে ভুল বুঝিয়েছে। কিন্তু তারা তাকে ছেড়ে দেয়নি। পরে নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমরা তাকে ছেড়ে আমার কাছে আনলে না কেন? জাবির (রাঃ) বুঝিয়ে দেন, এটি হদ্দ বাদ দেওয়ার জন্য নয়; বরং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার অনুতাপ যাচাই করতে চেয়েছিলেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘটনার অর্থ বুঝতে নির্ভরযোগ্য সাক্ষীর ব্যাখ্যা জরুরি।
- নবী (صلى الله عليه وسلم) মাঈযের অনুতাপ যাচাই করতে চেয়েছিলেন।
- হদ্দ বাদ দেওয়ার জন্য নয়, সত্যতা যাচাইয়ের জন্য তাকে আনতে বলা হয়েছিল।
