৩৯/১৭. অধ্যায়ঃ
আদেশ ও নিষেধ সম্পর্কে
ফিতনায় সত্য গ্রহণ ও ভুল থেকে দূরে থাকা
সুনানে আবূ দাউদ : ৪৩৪২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৪২
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، أَنَّ عَبْدَ الْعَزِيزِ بْنَ أَبِي حَازِمٍ، حَدَّثَهُمْ عَنْ أَبِيهِ، عَنْ عُمَارَةَ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " كَيْفَ بِكُمْ وَبِزَمَانٍ " . أَوْ " يُوشِكُ أَنْ يَأْتِيَ زَمَانٌ يُغَرْبَلُ النَّاسُ فِيهِ غَرْبَلَةً تَبْقَى حُثَالَةٌ مِنَ النَّاسِ قَدْ مَرِجَتْ عُهُودُهُمْ وَأَمَانَاتُهُمْ وَاخْتَلَفُوا فَكَانُوا هَكَذَا " . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ فَقَالُوا وَكَيْفَ بِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " تَأْخُذُونَ مَا تَعْرِفُونَ وَتَذَرُونَ مَا تُنْكِرُونَ وَتُقْبِلُونَ عَلَى أَمْرِ خَاصَّتِكُمْ وَتَذَرُونَ أَمْرَ عَامَّتِكُمْ " . قَالَ أَبُو دَاوُدَ هَكَذَا رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এমন এক যুগ সম্পর্কে তোমাদের কি ধারণা? অথবা তিনি বলেনঃ অচিরেই এমন এক যুগ আসবে, যখন মানুষকে চালুনির ন্যায় চালানো হবে এবং তাতে নিকৃষ্ট মানুষ অবশিষ্ট থাকবে। তাদের ওয়াদা ও আমানতসমূহ বিনষ্ট হয়ে যাবে আর অনৈক্য দেখা দেবে, অতঃপর এমন হবে। এ বলে তিনি তাঁর আঙ্গুলসমূহ একটা আরেকটার ভেতর ঢুকিয়ে দেখালেন। উপস্থিত লোকেরা বললো, আমরা তাহলে কি করবো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি বললেনঃ যেগুলো সম্বন্ধে সঠিক জানো তা গ্রহণ করো এবং যেগুলোকে ভুল জানো তা ত্যাগ করো। তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে মনোযোগ দেবে এবং সাধারণ মানুষের ব্যাপার ছেড়ে দেবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন এক সময়ের কথা বলেছেন, যখন মানুষকে চালুনির মতো ছেঁকে ফেলা হবে এবং নিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তখন ওয়াদা ও আমানত নষ্ট হয়ে যাবে, মানুষ পরস্পরে ভিন্ন পথে চলবে এবং অবস্থাও জটিল হয়ে যাবে। সাহাবীরা জানতে চাইলেন, এমন সময়ে কী করণীয়। উত্তরে নবী (صلى الله عليه وسلم) খুব সহজ নীতি দিলেন: যা সঠিক বলে জানা আছে তা গ্রহণ করতে হবে, আর যা ভুল বলে জানা আছে তা ছেড়ে দিতে হবে। এখানে ফিতনার সময়ে করণীয় হিসেবে অযথা ভিড়ের পেছনে না ছুটে নিজের ঈমান, আমল ও দায়িত্বের দিকে মনোযোগ দেওয়ার কথা এসেছে। হাদিসটি আমাদের শেখায়, অস্পষ্ট সময়ে পরিচিত সত্যকে আঁকড়ে ধরা এবং ভুল বিষয় থেকে দূরে থাকা নিরাপদ পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনার সময়ে পরিচিত সত্যকে গ্রহণ করতে বলা হয়েছে।
- যে কাজ ভুল বলে জানা যায়, তা ত্যাগ করা দরকার।
- ওয়াদা ও আমানত নষ্ট হওয়া সমাজের বড় অবনতি নির্দেশ করে।
- সাধারণ বিশৃঙ্খলায় ডুবে না গিয়ে নিজের দায়িত্বে মনোযোগ দেওয়া উচিত।
