৩৪/৩৬. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী: “আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে”
অন্ধ সাহাবীর সামনে নবী-স্ত্রীদের পর্দার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৪১১২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪১১২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي نَبْهَانُ، مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ مَيْمُونَةُ فَأَقْبَلَ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَذَلِكَ بَعْدَ أَنْ أُمِرْنَا بِالْحِجَابِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " احْتَجِبَا مِنْهُ " . فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ أَعْمَى لاَ يُبْصِرُنَا وَلاَ يَعْرِفُنَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا أَلَسْتُمَا تُبْصِرَانِهِ " . قَالَ أَبُو دَاوُدَ هَذَا لأَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَاصَّةً أَلاَ تَرَى إِلَى اعْتِدَادِ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ قَدْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِفَاطِمَةَ بِنْتِ قَيْسٍ " اعْتَدِّي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ عِنْدَهُ " .
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি নবী (ﷺ) এর নিকট ছিলাম এবং তাঁর নিকট মাইমূনা (রাঃ)-ও ছিলেন। এ সময় ইবনু উম্মু মাকতুম (রাঃ) (অন্ধ সাহাবী) এলেন। ঘটনাটি আমাদের উপর পর্দার হুকুম নাজিলের পরের। তিনি (ﷺ) বললেনঃ তোমরা তার থেকে আড়ালে চলে যাও। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! সে কি অন্ধ নয়? সে তো আমাদের দেখতে ও চিনতে পারছে না। নবী (ﷺ) বললেন, যদিও সে অন্ধ কিন্তু তোমরা উভয়ে কি তাকে দেখছ না?ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এ বিধান নবী (ﷺ) এর স্ত্রীদের জন্য নির্দিষ্ট। তুমি কি ইবনু উম্মু মাকতুম (রাঃ) এর বাড়িতে ফাতিমা বিনত কাইস (রাঃ) এর ইদ্দত পালনের বিষয়টি লক্ষ্য করো না? নবী (ﷺ) ফাতিমা বিনত কাইস (রাঃ) কে বলেছেনঃ “তুমি ইবনু উম্মু মাকতুম (রাঃ) এর বাড়িতে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ লোক। তুমি সেখানে খোলামেলা পোশাকে থাকতে পারবে।”
[৪১১২] তিরমিযী, নাসায়ী, আহমাদ। সানাদের নাহবান সম্পর্কে ইবনু হাযম বলেনঃ মাজহুল। ইরওয়া হা/১৮০৬।
সুনানে আবূ দাউদ হাদিস ৪১১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সালামা (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে ছিলেন এবং মাইমূনা (রাঃ)-ও সেখানে ছিলেন। তখন ইবনু উম্মু মাকতুম (রাঃ), যিনি অন্ধ ছিলেন, এসে পড়লেন। ঘটনাটি পর্দার নির্দেশ নাজিল হওয়ার পরের। নবী (صلى الله عليه وسلم) বললেন, তোমরা তার থেকে আড়ালে চলে যাও। তাঁরা বললেন, তিনি তো অন্ধ, আমাদের দেখেন না এবং চিনতেও পারেন না। নবী (صلى الله عليه وسلم) বললেন, সে অন্ধ হলেও তোমরা কি তাকে দেখছ না? এরপর ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এটি নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের জন্য নির্দিষ্ট। তিনি ফাতিমা বিনত কাইস (রাঃ)-এর ইদ্দতের ঘটনাও উল্লেখ করেন, যেখানে অন্ধ ইবনু উম্মু মাকতুম (রাঃ)-এর ঘরে থাকার কথা বলা হয়েছিল। তাই এই হাদিসে নবী-স্ত্রীদের বিশেষ পর্দা এবং সাধারণ বিধানের পার্থক্য দুটোই সতর্কভাবে দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের পর্দার বিষয়ে বিশেষ নির্দেশ এসেছে।
- ইমাম আবু দাউদ (রহঃ) এটিকে নবী-স্ত্রীদের জন্য নির্দিষ্ট বলেছেন।
- হাদিস বুঝতে মূল ঘটনা ও ব্যাখ্যাকারীর নোট একসাথে দেখা দরকার।
