১/৯৯. অধ্যায়ঃ
জানাবাতের গোসল করার নিয়ম
জানাবাতের গোসলে শরীরের কোনো অংশ না ছাড়ার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৪৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪৯
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَرَكَ مَوْضِعَ شَعْرَةٍ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ " . قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلاَثًا . وَكَانَ يَجِزُّ شَعْرَهُ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জানাবাতের গোসলে একটি পশম পরিমাণ স্থান না ধুয়ে ছেড়ে দেবে, তাকে জাহান্নামে এরূপ এরূপ শাস্তি দেয়া হবে। আলী (রাঃ) বলেন, এরপর থেকেই আমি আমার মাথার সাথে দুশমনি করি। এরপর থেকেই আমি আমার মাথার সাথে দুশমনি করি। তিনি তিনবার এরূপ বললেন। বর্ণনাকারী বলেন, সেজন্যই আলী তার মাথার চুল কামিয়ে ফেলতেন।
দুর্বলঃ ইরওয়া ১৩৩, যঈফ আল-জামি’উস সাগীর ৫৫২৪।২৪৮ ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ প্রত্যেক লোমকূপে অপবিত্রতা রয়েছে, হাঃ ৫৯৯), দারিমী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ যে ব্যক্তি জানাবাতের গোসলে এক চুল পরিমাণ জায়গা ভিজানো পরিহার করল, হাঃ ৭৫১), আহমাদ (১/৯৪১, ১০১, ১৩৩), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/১৭৫) একাধিক সানাদে হাম্মাদ ইবনু সালামহ হতে, তিনি ‘আত্বা ইবনু সায়িব হতে, তিনি জাযান হতে। হাফিয ‘আত-তাখলীস’ গ্রন্থে (পৃঃ ৫২) বলেন, এর সানাদ সহীহ। কেননা এটি ‘আত্বা ইবনু সায়িবের বর্ণনা। হাদীসটি তিনি হাম্মাদ ইবনু সালামাহ হতে সংমিশ্রণের পূর্বে শুনেছেন। কিন্তু বলা হয়, সঠিক হচ্ছে এটি ‘আলী (রাঃ)-এর মাওকুফ বর্ণনা। আল্লাম শাওকানী ‘নায়লুল আওতার’ গ্রন্থে (১/২৩৯) হাফিযের এ বক্তব্যের পরপরই বলেন, ইমাম নববী বলেন, দুর্বল। ‘আত্বাকে সংমিশ্রণের পূর্বেই দুর্বল বলা হয়েছে। আর হাম্মাদের ব্যাপারে সন্দেহ আছে এবং সানাদের জাযানের বিরুদ্ধেও আলোচনা রয়েছে।
সুনানে আবূ দাউদ হাদিস ২৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাবাতের গোসলের সময় শরীরের কোনো অংশ না ধুয়ে ফেলে রাখার ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, যে ব্যক্তি জানাবাতের গোসলে একটি পশম পরিমাণ স্থানও না ধুয়ে ছেড়ে দেবে, তাকে আগুনের শাস্তির কথা বলা হয়েছে। আলী (রাঃ) এই কথা শোনার পর মাথার ব্যাপারে খুব সতর্ক হয়ে যান এবং বারবার বলেন, তিনি তাঁর মাথার সাথে দুশমনি করেছেন। বর্ণনাকারী বলেন, এ কারণে আলী (রাঃ) মাথার চুল কামিয়ে ফেলতেন। এখানে মূল শিক্ষা হলো, জানাবাতের গোসলে পানি যেন শরীরের সব অংশে পৌঁছে—এ ব্যাপারে অবহেলা করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাবাতের গোসলে শরীরের সামান্য অংশও ধোয়ার বাইরে রাখা উচিত নয়।
- চুল ও মাথার অংশে পানি পৌঁছানো নিয়ে সতর্কতার শিক্ষা এসেছে।
- আলী (রাঃ) এই বর্ণনা শুনে নিজের মাথার ব্যাপারে খুব যত্নবান হন।
- গোসলের সময় অবহেলা না করে পানি পৌঁছেছে কি না খেয়াল করা দরকার।
