১/৯৯. অধ্যায়ঃ
জানাবাতের গোসল করার নিয়ম
জানাবাতের গোসলের সুন্নাহ পদ্ধতি ধাপে ধাপে
সুনানে আবূ দাউদ : ২৪২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪২
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ الْوَاشِحِيُّ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ - قَالَ سُلَيْمَانُ يَبْدَأُ فَيُفْرِغُ مِنْ يَمِينِهِ عَلَى شِمَالِهِ . وَقَالَ مُسَدَّدٌ غَسَلَ يَدَيْهِ يَصُبُّ الإِنَاءَ عَلَى يَدِهِ الْيُمْنَى ثُمَّ اتَّفَقَا فَيَغْسِلُ فَرْجَهُ . - قَالَ مُسَدَّدٌ - يُفْرِغُ عَلَى شِمَالِهِ وَرُبَّمَا كَنَتْ عَنِ الْفَرْجِ ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ يُدْخِلُ يَدَيْهِ فِي الإِنَاءِ فَيُخَلِّلُ شَعْرَهُ حَتَّى إِذَا رَأَى أَنَّهُ قَدْ أَصَابَ الْبَشَرَةَ أَوْ أَنْقَى الْبَشَرَةَ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا فَإِذَا فَضَلَ فَضْلَةٌ صَبَّهَا عَلَيْهِ .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাবাতের গোসল করতেন- সুলাইমানের বর্ণনা মতে- তখন প্রথমে ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন। আর মুসাদ্দাদের বর্ণনা মতে- তিনি উভয় হাত ধৌত করে ডান হাতে পাত্রের পানি ঢালতেন।অতঃপর উভয় বর্ণনাকারী এ বিষয়ে একমত হন যে, এরপর তিনি লজ্জাস্থান ধৌত করতেন। মুসাদ্দাদ (রহঃ) বলেন, (ডান হাতের পর) তিনি বাম হাতের উপর পানি ঢালতেন। আয়িশা (রাঃ) কখনো কখনো লজ্জাস্থানের কথা ইঙ্গিতে বর্ণনা করেছেন।তারপর তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করতেন। তারপর উভয় হাত পাত্রে ঢুকিয়ে (পানি নিয়ে) চুল খিলাল করতেন। যখন তিনি দেখতেন যে, সারা শরীরে পানি পৌঁছেছে অথবা শরীর পরিষ্কার হয়েছে, তখন তিনবার মাথায় পানি ঢালতেন। সব শেষে অবশিষ্ট থাকলে তা নিজের গায়ে ঢেলে দিতেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
সুনানে আবূ দাউদ হাদিস ২৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জানাবাতের গোসলের ধাপগুলো বিস্তারিতভাবে এসেছে। বর্ণনা অনুযায়ী, তিনি প্রথমে হাত ধুতেন বা ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন। এরপর লজ্জাস্থান ধৌত করতেন। তারপর সালাতের ওজুর মতো ওজু করতেন। এরপর দুই হাত পাত্রে ঢুকিয়ে চুল খিলাল করতেন, যাতে পানি চুলের গোড়া ও শরীরে পৌঁছে যায়। যখন তিনি বুঝতেন পানি শরীরে পৌঁছেছে বা শরীর পরিষ্কার হয়েছে, তখন মাথায় তিনবার পানি ঢালতেন। শেষে পাত্রে পানি অবশিষ্ট থাকলে তা শরীরে ঢেলে দিতেন। জানাবাতের গোসলের নিয়ম জানতে এই হাদিস খুব স্পষ্ট একটি নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোসলের শুরুতে হাত ধোয়া ও পরিচ্ছন্নতা রাখা সুন্নাহ।
- লজ্জাস্থান ধোয়ার পর সালাতের ওজুর মতো ওজু করা হয়েছে।
- চুল খিলাল করে পানি গোড়ায় পৌঁছানোর প্রতি খেয়াল রাখা হয়েছে।
- মাথায় তিনবার পানি ঢালা জানাবাতের গোসলের বর্ণিত ধাপ।
