২/২১৯. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতের পোশাক সম্পর্কে
রেশমি পোশাক নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা
সুনানে আবু দাউদ : ১০৭৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৭৬
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَأَى حُلَّةً سِيَرَاءَ - يَعْنِي تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ " . ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدَ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا " . فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) মসজিদে নববীর দরজার সামনে রেশমি পোশাক বিক্রি হতে দেখে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি এ পোশাক খরিদ করলে এটি জুমু'আর দিনে এবং আপনার কাছে প্রতিনিধি দলের আগমনকালে পরিধান করতে পারতেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা তো তারাই পরবে আখিরাতে যাদের জন্য কিছুই থাকবে না।পরবর্তীতে ঐ ধরনের কাপড় রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলে তার একখানা কাপড় তিনি উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে প্রদান করেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আমাকে পরার জন্য এ কাপড় দিলেন। অথচ ইতিপূর্বে আপনি উতরিদ (নামক ব্যক্তির) কাপড় সম্পর্কে যা বলার বলেছেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি এ কাপড় তোমাকে পরার জন্য দেইনি। অতঃপর উমর (রাঃ) কাপড়টি মক্কার অধিবাসী তার এক মুশরিক ভাইকে দিয়ে দেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
সুনানে আবু দাউদ হাদিস ১০৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনু খাত্তাব (রাঃ) মসজিদে নববীর দরজার সামনে একটি রেশমি পোশাক বিক্রি হতে দেখে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলেন, এটি কিনলে জুমার দিন এবং প্রতিনিধি দল এলে পরতে পারতেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এ ধরনের পোশাক তারা পরবে যাদের জন্য আখিরাতে কিছু থাকবে না। পরে একই ধরনের কাপড় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এলে তিনি উমর (রাঃ)-কে একটি দেন। উমর (রাঃ) আগের কথার কথা স্মরণ করালে নবী (صلى الله عليه وسلم) বলেন, আমি এটি তোমাকে পরার জন্য দিইনি। এরপর উমর (রাঃ) সেটি মক্কার এক মুশরিক ভাইকে দেন। এই হাদিসে জুমার পোশাক, রেশমি কাপড় এবং নবীর সতর্কতার শিক্ষা আছে। মূল কথা হলো, সুন্দর পোশাকের আকর্ষণ থাকলেও নিষিদ্ধ বা সতর্ক করা বিষয়ের সীমা মানতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রেশমি পোশাক সম্পর্কে নবী (صلى الله عليه وسلم) সতর্ক করেছেন।
- উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর আগের কথা মনে রেখে প্রশ্ন করেছেন।
- কোনো জিনিস দেওয়া মানেই তা নিজে ব্যবহারের অনুমতি নয়।
- জুমা বা প্রতিনিধি দলের সামনে সাজা হলেও শরীয়তের সীমা মানা জরুরি।
