৬/১৩১. অধ্যায়ঃ
সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ
আল্লাহ বলেছেন,﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا ﴾ [النور: ٢٧]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।” (সূরা নূর ২৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ ﴾ [النور: ٦١]অর্থাৎ “যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র অভিবাদন।” (সূরা নূর ৬১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴿ وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ ﴾ [النساء: ٨٦]অর্থাৎ “যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর।” (সূরা নিসা ৮৬ আয়াত)তিনি আরো বলেছেন,﴿ هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤ إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ ﴾ [الذاريات: ٢٤، ٢٥]অর্থাৎ “তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, ’সালাম।’ উত্তরে সে বলল, ’সালাম।’” (সূরা যারিয়াত ২৪-২৫ আয়াত)
অন্নদান ও সালাম: উত্তম ইসলামী কাজের শিক্ষা
রিয়াদুস সালেহীন : ১/৮৪৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮৪৯
وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا، أنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ ؟ قَالَ: « تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ». متفقٌ عَلَيْهِ
আব্দুল্লাহ ইবনে আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করল, ’সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’’ (বুখারী-মুসলিম) [১]
সহীহুল বুখারী ১২, ২৮, ৬২৩৬, মুসলিম ৩৯, তিরমিযী ১৮৫৫, নাসায়ী ৫০০০, আবূ দাউদ ৫১৯৪, ইবনু মাজাহ ৩২৫৩, ৩৬৯৪, আহমাদ ৬৫৪৫, ৬৮০৯, দারেমী ২০৮১
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৪৯-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সালাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞাসা করলেন, সর্বোত্তম ইসলামী কাজ কী? উত্তরে তিনি দুটি সহজ কিন্তু গভীর আমলের কথা বললেন—খাবার খাওয়ানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এই হাদিসে ইসলামের সামাজিক সৌন্দর্য ফুটে ওঠে। ক্ষুধার্তকে অন্নদান মানুষের প্রয়োজন পূরণ করে, আর সালাম মানুষের মাঝে নিরাপত্তা, ভালোবাসা ও সৌজন্য তৈরি করে। এখানে সালাম শুধু চেনা মানুষের জন্য নয়; অপরিচিতের প্রতিও সালাম দেওয়ার শিক্ষা আছে। তাই এই হাদিস আমাদের শেখায়, মুসলিম জীবনে ইবাদতের সঙ্গে মানুষের প্রতি ভালো ব্যবহারও বড় মূল্য রাখে। অন্নদান ও সালাম প্রচার সমাজে নরম মন, সৌহার্দ্য এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার্তকে খাবার দেওয়া উত্তম ইসলামী কাজের অন্তর্ভুক্ত।
- পরিচিত ও অপরিচিত উভয়কে সালাম দেওয়ার শিক্ষা এসেছে।
- সালাম মানুষের মাঝে ভালো সম্পর্ক গড়তে সাহায্য করে।
- ইসলামে ইবাদতের পাশাপাশি সামাজিক আচরণও গুরুত্বপূর্ণ।
