৩/১০৭. অধ্যায়ঃ
খাবার বাসনের এক ধার থেকে খাওয়ার নির্দেশ এবং তার মাঝখান থেকে খাওয়া নিষেধ
এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী পূর্বে পার হয়ে গেছে, ’’তুমি তোমার সামনে একধার থেকে খাও।’’ (বুখারী, মুসলিম)
খাবারের সময় বিনয় ও পাত্রের ধার থেকে খাওয়ার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ২/৭৪৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৭৪৯
وَعَن عَبدِ اللهِ بنِ بُسْرٍ رضي الله عنه، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَصْعَةٌ يُقَالُ لَهَا: الغَرَّاءُ يَحْمِلُهَا أرْبَعَةُ رِجَالٍ ؛ فَلَمَّا أضْحَوْا وَسَجَدُوا الضُّحَى أُتِيَ بِتِلْكَ الْقَصْعَةِ ؛ يَعنِي وَقَدْ ثُرِدَ فِيهَا، فَالتَفُّوا عَلَيْهَا، فَلَمَّا كَثُرُوا جَثَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم . فَقَالَ أَعرَابيٌّ: مَا هَذِهِ الجِلْسَةُ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: إنَّ اللهَ جَعَلَنِي عَبْداً كَرِيماً، وَلَمْ يَجْعَلْنِي جَبَّاراً عَنِيداً ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: كُلُوا مِنْ حَوَالَيْهَا، وَدَعُوا ذِرْوَتَهَا يُبَارَكْ فِيهَا ». رواه أَبُو داود بإسنادٍ جيد
আব্দুল্লাহ ইবনে বুস্র (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর একটি পাত্র ছিল যাকে ’গার্রা’ বলা হত, সেটাকে চারজন মানুষ ধরে তুলতো। একদা চাশতের সময়ে যখন চাশতের নামায পড়ার পর ঐ (বিশাল) পাত্রটি আনা হল---অর্থাৎ তাতে ’সারীদ’ (মাংস ও খন্ড খন্ড রুটি সংমিশ্রণে প্রস্তুত সুস্বাদু খাদ্য) রাখার পর, তখন লোকেরা তাতে জমায়েত হল। লোকের পরিমাণ যখন বেশি হল, তখন রাসূলুল্লাহ (ﷺ) হাঁটুর ভরে বসে পড়লেন। (এরূপ দেখে) জনৈক বেদুঈন বলল, ’এ কেমন বসা?’ আল্লাহর রাসূল (ﷺ) বললেন, ’’নিশ্চিতরূপে আল্লাহ আমাকে ভদ্র (বিনয়ী) বান্দা করেছেন এবং উদ্ধত ও হঠকারী করেননি।’’ তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’তোমরা পাত্রের এক ধার থেকে খেতে থাক। আর ওর শীর্ষভাগ ছেড়ে দাও, ওখানে বরকত অবতীর্ণ হবে।’’ (আবূ দাঊদ উত্তম সনদে) [১]
আবূ দাউদ ৩৭৭৩, ইবনু মাজাহ ৩২৬৩, ৩২৭৫
রিয়াদুস সালেহীন হাদিস ২/৭৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর বিনয়ী আচরণ এবং খাবারের আদব একসঙ্গে দেখা যায়। বড় পাত্রে সারীদ আনা হলো, মানুষ বেশি হয়ে গেল, তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হাঁটুর ভরে বসে পড়লেন। একজন বেদুঈন এই বসা দেখে প্রশ্ন করল। তিনি বললেন, আল্লাহ তাঁকে ভদ্র ও বিনয়ী বান্দা বানিয়েছেন, উদ্ধত ও হঠকারী করেননি। এরপর তিনি বললেন, পাত্রের চারপাশ থেকে খেতে থাকো এবং শীর্ষভাগ ছেড়ে দাও, সেখানে বরকত অবতীর্ণ হবে। হাদিসটি দেখায়, খাবারের সময় বসার ভঙ্গিতেও বিনয় থাকতে পারে। আবার খাবারের পাত্রে নিজের সুবিধা নয়, বরং নবী صلى الله عليه وسلم-এর শেখানো আদব মানা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের সময় বিনয়ী আচরণ নবী صلى الله عليه وسلم-এর চরিত্রের অংশ।
- মানুষ বেশি হলে নিজেকে বড় না ভেবে সাধারণভাবে বসা ভালো।
- পাত্রের চারপাশ থেকে খাওয়া খাবারের আদব।
- খাবারের বরকতের জায়গা ছেড়ে দেওয়ার শিক্ষা এসেছে।
