৩/১০০. অধ্যায়ঃ
শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা
ঘরে প্রবেশ ও খাবারের আদব: আল্লাহর স্মরণে শয়তান থেকে সুরক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/৭৩৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৭৩৪
وَعَن جَابِرٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: « إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللهَ تَعَالَى عِنْدَ دُخُولِهِ، وَعِندَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ لأَصْحَابِهِ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللهَ تَعَالَى عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أدْرَكْتُمُ المَبِيتَ ؛ وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ تَعَالَى عِنْدَ طَعَامِهِ، قَالَ: أدْرَكْتُم المَبِيتَ وَالعَشَاءَ ». رواه مسلم
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, ’’কোন ব্যক্তি যখন নিজ বাড়ি প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তা’আলাকে স্মরণ করে; অর্থাৎ (’বিসমিল্লাহ’ বলে) তখন শয়তান তার অনুচরদেরকে বলে, ’আজ না তোমরা এ ঘরে রাত্রি যাপন করতে পারবে, আর না খাবার পাবে।’ অন্যথা যখন সে প্রবেশ কালে আল্লাহ তা’আলাকে স্মরণ করে না (অর্থাৎ ’বিসমিল্লাহ’ বলে না), তখন শয়তান বলে, ’তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে।’ আর যখন আহার কালেও আল্লাহ তা’আলাকে স্মরণ করে না (অর্থাৎ ’বিসমিল্লাহ’ বলে না), তখন সে তার চেলাদেরকে বলে, ’তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে।’’ (মুসলিম)[১]
মুসলিম ২০১৮, আবূ দাউদ ৩৭৬৫, ইবনু মাজাহ ৩৮৮৭, আহমাদ ১৪৩১৯, ১৪৬৮৮
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৭৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘরে প্রবেশ ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করার গুরুত্ব বলেছেন। কেউ ঘরে ঢোকার সময় এবং খাবারের সময় আল্লাহর নাম নিলে শয়তান তার সঙ্গীদের বলে, এখানে তোমাদের রাত কাটানোর জায়গা নেই এবং খাবারও নেই। কিন্তু কেউ ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা থাকার জায়গা পেলে। আবার খাবারের সময়ও আল্লাহকে স্মরণ না করলে সে বলে, তোমরা থাকা ও রাতের খাবার দুটোই পেলে। এই হাদিসে ঘরে প্রবেশের আদব ও খাবারের আগে বিসমিল্লাহ বলার গুরুত্ব স্পষ্ট। আল্লাহর স্মরণ শুধু মুখের কথা নয়; এটি ঘর ও খাবারকে শয়তানের অংশ থেকে দূরে রাখার কারণ হিসেবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করা উচিত।
- খাবারের সময় আল্লাহর নাম না নিলে শয়তানের অংশ পাওয়ার কথা বলা হয়েছে।
- ঘর ও খাবারের আদবে আল্লাহর স্মরণ গুরুত্বপূর্ণ।
