১/৬৯. অধ্যায়ঃ
যুগের মানুষ খারাপ হলে অথবা ধর্মীয় ব্যাপারে ফিতনার আশঙ্কা হলে অথবা হারাম ও সন্দিহান জিনিসে পতিত হওয়ার ভয় হলে অথবা অনুরূপ কোন কারণে নির্জনতা অবলম্বন করা উত্তম
আল্লাহ তা’আলা বলেন,﴿ فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ٥٠ ﴾ [الذاريات: ٥٠]অর্থাৎ “সুতরাং তোমরা আল্লাহর দিকে পলায়ন কর; নিশ্চয় আমি তাঁর পক্ষ হতে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।” (সূরা যারিয়াহ ৫০ আয়াত)
সর্বোত্তম মুমিন: ত্যাগ, ইবাদত ও অনিষ্ট থেকে নিরাপত্তা
রিয়াদুস সলেহিন : ২/৬০৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/৬০৩
وَعَن أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَجُلٌ: أيُّ النَّاسِ أفْضَلُ يَا رَسُولَ الله ؟ قَالَ: مُؤْمِنٌ مُجَاهِدٌ بِنَفْسِهِ وَمَالِهِ في سَبيلِ اللهِ قَالَ: ثُمَّ مَنْ ؟ قَالَ: ثُمَّ رَجُلٌ مُعْتَزِلٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَعْبُدُ رَبَّهُ . وفي رواية: يَتَّقِي اللهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ ». متفقٌ عَلَيْهِ
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ’হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি সর্বোত্তম?’ তিনি (ﷺ) বললেন, ’’ঐ মু’মিন যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে।’’ সে বলল, ’তারপর কে?’ তিনি (ﷺ) বললেন, ’’তারপর ঐ ব্যক্তি যে কোন গিরিপথে নির্জনে নিজ প্রতিপালকের ইবাদত করে।’’অন্য এক বর্ণনায় আছে, ’’যে আল্লাহকে ভয় করে এবং লোকদেরকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদে রাখে।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ২৭৮৬, ৬৪৯৪, মুসলিম ১৮৮৮, তিরমিযী ১৬৬০, নাসায়ী ৩১০৫, আবূ দাউদ ২৪৮৫, ইবনু মাজাহ ৩৯৭৮, আহমাদ ১০৭৪১, ১০৯২৯, ১১১৪১, ১১৪২৮
রিয়াদুস সলেহিন হাদিস ২/৬০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞাসা করেন, কোন মানুষ সর্বোত্তম। উত্তরে তিনি প্রথমে সেই মুমিনের কথা বলেন, যে আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে সংগ্রাম করে। এরপর তিনি এমন ব্যক্তির কথা বলেন, যে নির্জন গিরিপথে নিজ প্রতিপালকের ইবাদত করে। অন্য বর্ণনায় এসেছে, সে আল্লাহকে ভয় করে এবং মানুষকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদ রাখে। এখানে মূল শিক্ষা হলো, মুমিনের মর্যাদা শুধু কথায় নয়; তার ত্যাগ, ইবাদত, আল্লাহভীতি এবং অন্যদের জন্য নিরাপদ হওয়ার মধ্যে ফুটে ওঠে। নির্জনতা এখানে তখনই ভালো, যখন তা দ্বীন রক্ষা, ইবাদত এবং মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য হয়। এই কারণে নিজের আচরণে নিরাপত্তা রাখা ইবাদতের সঙ্গে যুক্ত একটি বাস্তব শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে জান-মাল দিয়ে ত্যাগ করা বড় মর্যাদার কাজ।
- নির্জনে ইবাদত করা তখন মূল্যবান, যখন তা আল্লাহভীতি ও দ্বীন রক্ষার জন্য হয়।
- মানুষকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদ রাখা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ।
