১/৬৬. অধ্যায়ঃ
পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দো‘আ
কবরবাসীদের সালাম: আমরা সবাই একই পথের যাত্রী
রিয়াদুস সালেহীন : ৪/৫৮৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৫৮৯
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رضي الله عنه، قَالَ: مَرَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم بِقُبُوْرٍ بِالمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بوَجْهِهِ فَقَالََ: «السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُوْرِ، يَغْفِرُ اللهُ لَنا وَلَكُمْ، أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ» رواهُ الترمذي وقال: حديثٌ حسن.
ইবনু ‘আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ
মাদ্বীনার কিছু সংখ্যক কবর অতিক্রম করার সময় রাসূলুল্লাহ (ﷺ) সে দিকে মুখ ফিরিয়ে বললেনঃ ’’হে কবরের অধিবাসীরা! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তা’আলা আমাদের ও তোমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের অগ্রগামী। আমরা তোমাদের উত্তরসূরি।’’- (তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন)[১]
আমি (আলবানী) বলছিঃ এ হাদীসের সনদটি দুর্বল। (আহকামুল জানায়েয’’ গ্রন্থে (পৃ ১৯৭) এ সম্পর্কে আলোচনা করেছি। উল্লেখ্য এর এক বর্ণনাকারী কাবূস ইবনু আবী যিবইয়ান, তার সম্পর্কে নাসাঈ বলেনঃ তিনি শক্তিশালী নন। ইবনু হিববান বলেন : তিনি মন্দ হেফযের অধিকারী, তিনি তার পিতার উদ্ধৃতিতে এমন কিছু বর্ণনা করেছেন যার কোন ভিত্তি নেই। আর এ হাদীসটি তার পিতার উদ্ধৃতিতেই বর্ণনাকৃত। আবূ হাতিম প্রমুখ বলেনঃ তার দ্বারা দলীল গ্রহণ করা যায় না। ‘‘য‘ঈফ আবী দাঊদ’’ (৫৩২ নং) এর ব্যাখ্যা দেখুন।
রিয়াদুস সালেহীন হাদিস ৪/৫৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদীনার কিছু কবর অতিক্রম করার সময় কবরের দিকে মুখ ফিরিয়ে সালাম দেন। তিনি বলেন, আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। এরপর বলেন, তোমরা আমাদের অগ্রগামী এবং আমরা তোমাদের অনুসরণকারী। এই কথাগুলো খুব সহজ, কিন্তু জীবনের বড় সত্য মনে করিয়ে দেয়। যারা কবরবাসী, তারা আগে চলে গেছেন; আমরা জীবিতরা পরে একই পথে যাব। তাই কবরবাসীর সালাম হাদিস মানুষকে অহংকার কমাতে, মৃত্যু স্মরণ করতে এবং মাগফিরাতের দোয়া করতে শেখায়। এখানে কবর যিয়ারতের মূল আদবও আছে—সালাম, দোয়া এবং আখেরাতের কথা মনে রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরবাসীদের সালাম দেওয়া নবীজির আমল।
- জীবিত মানুষও একদিন মৃত্যুর পথে যাবে—এ কথা স্মরণ রাখা দরকার।
- নিজের ও মৃতদের জন্য ক্ষমা চাওয়া সুন্দর আমল।
