১/৪৯. অধ্যায়ঃ
লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে এবং তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহকে সঁপে দেওয়া হবে।
আল্লাহ তা’আলা বলেন,﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٥ ﴾ [التوبة: ٥]অর্থাৎ “কিন্তু যদি তারা তওবা করে, যথাযথ নামায পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও।” (সূরা তওবাহ ৫ আয়াত)
লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ ও যাকাত: জান-মালের নিরাপত্তার হাদিস
রিয়াদুস সালেহীন : ১/৩৯৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৩৯৫
وَعنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: »أُمِرْتُ أنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أنْ لاَ إِلٰهَ إلاَّ الله، وَأنَّ مُحَمَّداً رَسُولُ الله، وَيُقيمُوا الصَّلاةَ، وَيُؤتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءهُمْ وَأمْوَالَهُمْ إلاَّ بحَقِّ الإسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى الله تَعَالَى». مُتَّفَقٌ عَلَيهِ
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’আমাকে লোকদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ দেওয়া হয়েছে; যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া (সত্য) কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর তারা নামায প্রতিষ্ঠা করবে ও যাকাত প্রদান করবে। যখন তারা এ কাজগুলো সম্পাদন করবে, তখন তারা আমার নিকট থেকে তাদের রক্ত (জান) এবং মাল বাঁচিয়ে নেবে; কিন্তু ইসলামের হক ব্যতীত (অর্থাৎ সে যদি কাউকে হত্যা করে, তবে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করা হবে।) আর তাদের হিসাব আল্লাহর উপর ন্যস্ত হবে।’’[১] (বুখারী ও মুসলিম)
সহীহুল বুখারী ২৫, মুসলিম ২২
রিয়াদুস সালেহীন হাদিস ১/৩৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইসলামের প্রকাশ্য ভিত্তির কথা বলেছেন: আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই—এই সাক্ষ্য, মুহাম্মাদ (صلى الله عليه وسلم) আল্লাহর রাসূল—এই সাক্ষ্য, নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত প্রদান। তিনি বলেছেন, তারা এ কাজগুলো করলে তাদের জান ও মাল নিরাপদ হয়ে যায়, তবে ইসলামের হক ব্যতীত; আর তাদের হিসাব আল্লাহর ওপর। হাদিসটি বাহ্যিক ইসলামী পরিচয় ও নিরাপত্তার কথা বলছে। ইসলামী স্কলারদের মতে, এই ধরনের যুদ্ধ-সংক্রান্ত ভাষা রাষ্ট্রীয় দায়িত্ব ও নিয়মের সঙ্গে যুক্ত; সাধারণ ব্যক্তির নিজ হাতে কোনো পদক্ষেপ নেওয়ার অনুমতি নয়। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, মানুষের প্রকাশ্য ইসলামকে মান্য করা এবং অন্তরের হিসাব আল্লাহর ওপর ছেড়ে দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শাহাদাত, নামাজ ও যাকাত ইসলামের প্রকাশ্য ভিত্তি।
- প্রকাশ্য ইসলাম গ্রহণের পর জান-মালের নিরাপত্তা আছে।
- অন্তরের হিসাব আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে।
- ধর্মীয় বিধান ব্যক্তিগত রাগ বা অনুমানের ওপর চলতে পারে না।
