১/৩৮. অধ্যায়ঃ
পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ ﴾ [طه: ١٣٢]অর্থাৎ “তুমি তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং ওতে অবিচলিত থাক।” (সূরা ত্বাহা ১৩২আয়াত)তিনি আরো বলেন,﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ٦ ﴾ [التحريم: ٦]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-সবভাব ফিশিতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে।” (সূরা তাহরীম ৬ আয়াত)
দায়িত্বশীলতা: প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে
রিয়াদুস সালেহীন : ৩/৩০৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৩০৫
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ : سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مسْؤُولٌ عَنْ رَعِيَّتهِ : الإمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، والرَّجُلُ رَاعٍ في أهْلِهِ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأةُ رَاعِيَةٌ في بَيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ رَاعٍ في مَالِ سَيِّدِهِ وَمَسؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ. مُتَّفَقٌ عَلَيهِ
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ’’প্রতিটি মানুষই দায়িত্বশীল, সুতরাং প্রত্যেকে অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল, সে তার দায়িত্বশীলতা ব্যাপারে জবাবদিহী করবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, অতএব সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীগৃহের দায়িত্বশীলা, কাজেই সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিতা হবে। গোলাম তার মনিবের সম্পদের দায়িত্বশীল, সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থের দায়িত্বশীলতা ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৮৯৩, ২৪০৯, ২৫৫৪, ২৫৫৮, ২৭৫১, ৫১৮৮, ৫২০০, ৭১৩৮, মুসলিম ১৮২৯, তিরমিযী ১৭০৫, আবূ দাউদ ২৯২৮, আহমাদ ৪৪৮১, ৫১৪৫, ৫৮৩৫, ৫৮৬৭, ৫৯৯০
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৩০৫-এর সারসংক্ষেপ
মূল বিষয়: দায়িত্বশীলতা। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুব পরিষ্কারভাবে বলেছেন, প্রত্যেক মানুষই দায়িত্বশীল। শাসক তার জনগণের বিষয়ে, পুরুষ তার পরিবারের বিষয়ে, স্ত্রী স্বামীর ঘরের বিষয়ে এবং গোলাম মনিবের সম্পদের বিষয়ে দায়িত্বশীল। অর্থাৎ দায়িত্ব শুধু বড় পদে থাকা মানুষের ওপর নয়; যার হাতে যে কাজ, সে কাজের জবাবদিহি আছে। হাদিসটি আমাদের শেখায়, পরিবার, ঘর, সম্পদ, অধীনস্থ মানুষ—সবকিছু আমানত। দায়িত্ব পালন না করে শুধু অধিকার চাইলে চলবে না। প্রত্যেকের কাজের জায়গা আলাদা হলেও মূল শিক্ষা একটাই—নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করা। এই হাদিস পরিবার ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং ব্যক্তিগত জীবনের জন্য খুব দরকারি শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে।
- পরিবারের দায়িত্ব পুরুষের ওপর বিশেষভাবে দেওয়া হয়েছে।
- ঘরের দায়িত্বে থাকা স্ত্রীও নিজের কাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
- সম্পদ ও অধীনস্থ বিষয়কে আমানত মনে করতে হবে।
