১৮/২৮৫. অধ্যায়ঃ
উপহার বা দানের বস্তু ফেরৎ নেওয়া অপছন্দনীয় কাজ
যে দানের বস্তু গ্রহীতাকে আদৌ অর্পণ করা হয়নি, তা ফেরৎ নেওয়া অ-পছন্দনীয়। আর নিজ সন্তানদেরকে কোন কিছু দান করার পর---তা তাদের হাতে তুলে দেওয়া হোক আর না হোক---তা পুনরায় ফেরৎ নেওয়া অবৈধ। অনুরূপভাবে সদকা, যাকাত বা কাফফারাস্বরূপ কোন বস্তু কাউকে দেওয়ার পর তার নিকট থেকে দাতার সরাসরি খরিদ করা অপছন্দনীয়। তবে হ্যাঁ, গ্রহীতার নিকট থেকে যদি তা অন্য কারো কাছে হস্তান্তরিত হয়, তবে তা ক্রয় করলে কোন ক্ষতি নেই।
দান ফিরিয়ে নেওয়া: হাদিসে কঠিন নিন্দিত আচরণ
রিয়াদুস সালেহীন : ১/১৬২০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৬২০
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ» . متفق عَلَيْهِ . وفي رواية : «مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ، كَمَثَلِ الكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ فَيَأكُلُهُ» . وفي روايةٍ : «العَائِدُ فِي هِبَتِهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ» .
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে, তারপর তা আবার খেয়ে ফেলে।’’(বুখারী ও মুসলিম)[১]অন্য এক বর্ণনায় আছে, ’’যে ব্যক্তি সদকার মাল ফেরৎ নেয় তার উদাহরণ ঠিক ঐ কুকুরের ন্যায়, যে বমি করে তারপর আবার তা ভক্ষণ করে।’’অন্য আর এক বর্ণনায় আছে, ’’দান করে ফেরৎ গ্রহণকারী ব্যক্তি, বমি করে পুনর্ভক্ষণকারীর মত।’’
সহীহুল বুখারী ২৫৮৯, ২৬২১, ২৬২২, ৬৯৭৫, মুসলিম ১৬২২, তিরমিযী ১২৯৮, নাসায়ী ৩৬৯৩-৩৭০৫, ৩৭১০, আবূ দাউদ ৩৫৩৮, ইবনু মাজাহ ২৩৮৫, আহমাদ ১৮৭৫, ২১২০, ২২৫০, ২৫২৫, ২৬১৭, ৩০০৬, ৩২১১
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৬২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দান ফিরিয়ে নেওয়ার খুব কঠিন উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয়, সে এমন কুকুরের মতো, যে বমি করে আবার তা খেয়ে ফেলে। অন্য বর্ণনাগুলোতেও একই অর্থ এসেছে—সদকার মাল ফেরত নেওয়া বা হেবা করে আবার ফিরিয়ে নেওয়া নিন্দিত আচরণ। এখানে মূল শিক্ষা হলো, দান করার পর তা নিয়ে আবার দাবি করা ভালো চরিত্রের বিপরীত। দান, সদকা বা উপহার দিলে তা আল্লাহর সন্তুষ্টির আশা এবং মানুষের উপকারের জন্য হওয়া উচিত। পরে মন বদলে ফিরিয়ে নেওয়া হাদিসে খুব অপছন্দনীয় তুলনার মাধ্যমে বোঝানো হয়েছে। তাই দান করার আগে ভেবে দেওয়া, আর দেওয়ার পর উদার থাকা—এই হাদিসের সহজ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দান বা হেবা ফিরিয়ে নেওয়া হাদিসে কঠিনভাবে নিন্দিত।
- সদকার মাল ফেরত নেওয়ার জন্য অপছন্দনীয় উদাহরণ দেওয়া হয়েছে।
- দান করার আগে ভেবে দেওয়া উচিত।
- দান করার পর উদারতা ও স্থিরতা রাখা ভালো আচরণ।
