১৮/২৮০. অধ্যায়ঃ
তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয়, তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন
আল্লাহ তা’আলা বলেন,﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ﴾[الحجرات: ١٠]অর্থাৎ সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাই-এর মধ্যে সন্ধি স্থাপন কর। (সূরা হুজুরাত ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾[المائدة: ٢]অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। (সূরা মায়েদাহ ২ আয়াত)
প্রথমে সালাম দেওয়া: সম্পর্ক জোড়া লাগানোর সহজ পথ
রিয়াদুস সালেহীন : ২/১৬০০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৬০০
وَعَنْ أَبي أَيُّوبَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «لا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ: يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ» . متفق عَلَيْهِ
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখে। যখন তারা পরস্পর সাক্ষাৎ করে, তখন এ এ দিকে মুখ ফিরায় এবং ও ওদিকে মুখ ফিরিয়ে নেয়। আর তাদের দু’জনের মধ্যে উত্তম ব্যক্তি সেই হবে, যে সাক্ষাৎকালে প্রথমে সালাম পেশ করবে।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬০৭৭, ৬২৩৭, মুসলিম ২৫৬০, তিরমিযী ১৯৩২, আবূ দাউদ ৪৯১১, আহমাদ ২৩০১৭, ২৩০৬৪, ২৩০৭৩, মুওয়াত্তা মালিক ১৬৮২
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা বৈধ নয়। তিনি এমন অবস্থার কথা বলেছেন, যেখানে দুজনের দেখা হয়, কিন্তু একজন এদিকে মুখ ফিরায় আর অন্যজন ওদিকে মুখ ফিরায়। এরপর তিনি বলেছেন, তাদের দুজনের মধ্যে উত্তম হলো সে, যে প্রথমে সালাম দেয়। এই হাদিস অভিমান ভাঙার খুব বাস্তব শিক্ষা দেয়। অনেক সময় সম্পর্ক নষ্ট হয় শুধু অহংকার, রাগ বা আগে কথা না বলার জেদের কারণে। সালাম দেওয়া ছোট কাজ মনে হলেও তা সম্পর্ক জোড়া লাগানোর দরজা খুলে দেয়। মুমিনের উচিত নিজের মর্যাদা কমে যাবে ভেবে ভালো কাজ থেকে পিছিয়ে না থাকা। আগে সালাম দেওয়া বিনয় ও ভ্রাতৃত্বের সুন্দর চিহ্ন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তিন দিনের বেশি মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বন্ধ রাখা বৈধ নয়।
- রাগের কারণে মুখ ফিরিয়ে থাকা থেকে বেরিয়ে আসা দরকার।
- যে আগে সালাম দেয়, সে উত্তম হিসেবে উল্লেখিত হয়েছে।
- সালাম সম্পর্ক জোড়া লাগানোর সহজ ও সুন্দর উপায়।
