১৮/২৫৬. অধ্যায়ঃ
যে সব কারণে গীবত বৈধ
মুনাফিকদের আচরণ ও সত্য কথার মর্যাদা
রিয়াদুস সালেহীন : ৪/১৫৪২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১৫৪২
وَعَنْ زَيدِ بنِ أَرْقَمَ رضي الله عنه قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ أَصَابَ النَّاسَ فِيهِ شِدَّةٌ، فَقَالَ عَبدُ اللهِ بنُ أُبَيّ : ﴿ لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ﴾ [المنافقون: ٧]، وَقَالَ: ﴿ لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل﴾ [المنافقون: ٨]، فَأَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، فَأخْبَرْتُهُ بِذَلِكَ، فَأَرْسَلَ إِلَى عَبدِ اللهِ بنِ أُبَيِّ، فَاجْتَهَدَ يَمِينَهُ : مَا فَعلَ، فَقَالُوا : كَذَبَ زَيدٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، فَوَقَعَ في نَفْسِي مِمَّا قَالُوهُ شِدَّةٌ حَتَّى أَنْزَلَ اللهُ تَعَالَى تَصْدِيقِي : ﴿ إذا جاءك المنافقون﴾ [المنافقون: ١] ثُمَّ دَعَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَسْتَغْفِرَ لَهُمْ فَلَوَّوْا رُؤُوسَهُمْ . متفق عَلَيْهِ
যায়েদ ইবনে আরক্বাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে এক সফরে বের হলাম, যাতে লোকেরা সাংঘাতিক কষ্ট পেয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই [মুনাফিকদের সর্দার, স্ব-মতাবলম্বী লোকদেরকে সম্বোধন করে] বলল, ’তোমরা আল্লাহর রাসূলের সঙ্গীদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা সরে দাঁড়ায়।’ এবং সে আরও বলল, ’আমরা মদিনায় ফিরে গেলে সেখান হতে সম্মানী অবশ্যই হীনকে বহিষ্কার করবে।’ [যায়েদ বলেন,]আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তা জানিয়ে দিলাম।সুতরাং রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠালেন।আব্দুল্লাহ ইবনে উবাই [কিন্তু] বারবার শপথ করে বলল যে, সে তা বলেনি। লোকেরা বলল, ’যায়েদ রাসূলুল্লাহ (ﷺ)-কে মিথ্যা কথা বলেছে।’ [যায়েদ বলেন,] লোকদের কথা শুনে আমার মনে অত্যন্ত দুঃখ হল। অবশেষে আল্লাহ আমার কথার সত্যতায় সূরা ’ইযা জা-আকাল মুনাফিক্বূন’ অবতীর্ণ করলেন। তারপর নবী (ﷺ) [আল্লাহর নিকট] তাদের জন্য ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তাদেরকে ডাকলেন। কিন্তু তারা নিজেদের মাথা ফিরিয়ে নিল।(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৪৯০০, মুসলিম ২৭৭২, তিরমিযী ৩৩১২-৩৩১৪, আহমাদ ১৮৭৯৯, ১৮৮০৯, ১৮৮৪৬
রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৫৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মুনাফিকদের মিথ্যা আচরণ এবং সত্য কথার মর্যাদা। যায়েদ ইবনে আরকাম (রাঃ) সফরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা শুনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালেন। সে বলেছিল, রাসূলের সঙ্গীদের জন্য ব্যয় করো না এবং মদিনায় ফিরে সম্মানী লোক হীন লোককে বের করে দেবে। পরে তাকে ডাকা হলে সে বারবার শপথ করে অস্বীকার করল। লোকেরা যায়েদ (রাঃ)-কে মিথ্যাবাদী ভাবল, এতে তাঁর মনে কষ্ট হল। পরে সূরা মুনাফিকূন নাজিল হয়ে তাঁর কথার সত্যতা প্রকাশ করল। এই হাদিস শেখায়, সত্য কথা বললে কখনও মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ সত্যকে প্রকাশ করতে পারেন। আর মিথ্যা শপথ, অহংকার ও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া মুনাফিকদের আচরণের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সত্য কথা বলা কঠিন হলেও তা লুকানো উচিত নয়।
- মিথ্যা শপথ মানুষকে সাময়িকভাবে রক্ষা করলেও তা নিন্দনীয়।
- অহংকার ও মুসলিমদের মধ্যে বিভেদ ছড়ানো মুনাফিকদের আচরণের মতো।
- ভুল অভিযোগে কষ্ট পেলেও সত্যের ওপর ধৈর্য রাখা দরকার।
