১৩/২৪১. অধ্যায়ঃ
ইলমের ফযীলত
আল্লাহ বলেন,﴿ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ﴾ (طه: ١١٤)অর্থাৎ বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর।(ত্বা-হা ১১৪ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ﴾ (الزمر: ٩অর্থাৎ বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?(যুমার ৯ আয়াত)আল্লাহ আরও বলেন,﴿يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴾ (المجادلة: ١١অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন।(মুজাদালা ১১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴿إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ﴾ (فاطر: ٢٨অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে।(ফাত্বের ২৮ আয়াত)
সৎপথে আহ্বান: দাওয়াতের চলমান নেকী
রিয়াদুস সালেহীন : ৭/১৩৯০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/১৩৯০
وَعَنه أَيضاً رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدىً كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئاً» . رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান জানাবে, সে তার অনুসারীদের সমতুল্য নেকীর অধিকারী হবে; তাতে তাদের নেকীর কিছুই হ্রাস পাবে না।”(মুসলিম)[১]
মুসলিম ২৬৭৪, তিরমিযী ২৬৭৪, আবূ দাউদ ৪৬০৯, আহমাদ ৮৯১৫, দারেমী ৫১৩
রিয়াদুস সালেহীন হাদিস ৭/১৩৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে সৎপথে আহ্বানের বড় ফজিলত বলা হয়েছে। যে ব্যক্তি হিদায়াতের দিকে মানুষকে ডাকে, সে তার অনুসারীদের নেকীর সমতুল্য নেকী পাবে; এতে অনুসারীদের নেকী থেকে কিছুই কমানো হবে না। অর্থাৎ ভালো কথা, সঠিক শিক্ষা, ভালো আমলের দাওয়াত—এসবের প্রভাব যদি কারও জীবনে পড়ে, দাওয়াতদাতার জন্যও নেকীর দরজা খুলে যায়। তবে এখানে নিজের নাম প্রচার নয়; আসল বিষয় হলো মানুষকে সৎপথে ডাকা। একটি ভালো কথা, একটি উপকারী স্মরণ, একটি সঠিক পরামর্শ—সবই হিদায়াতের আহ্বানের অংশ হতে পারে, যদি তা সত্য ও কল্যাণের দিকে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সৎপথে ডাকা বড় নেকীর কাজ।
- অনুসারীর নেকী কমানো ছাড়াই আহ্বানকারী নেকী পায়।
- ভালো কথা ও সঠিক শিক্ষা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।
- দাওয়াতে নিয়ত হওয়া উচিত মানুষের কল্যাণ।
