১/১৩. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾ [البقرة: ٢١٥]অর্থাৎ “তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।” (সূরা বাক্বারা ২১৫ আয়াত)তিনি আরো বলেন,﴿وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴾ [البقرة: ١٩٧]অর্থাৎ “তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন।” (আল-বাক্বারাহঃ ১৯৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴾ [الزلزلة: ٧]অর্থাৎ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ ﴾ [الجاثية: ١٥]অর্থাৎ “যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে।” (সূরা জাসিয়াহ ১৫ আয়াত)এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।
মসজিদের পথে পদচিহ্ন: দূর থেকে নামাজে আসার ফজিলত
রিয়াদুস সালেহীন : ২০/১৩৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২০/১৩৯
العشرون: عنه قال: أراد بنو سلمة أن ينقلوا قرب المسجد فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم، فقال لهم: " إنه قد بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد؟" فقالوا: نعم يارسول الله قد أردنا ذلك، فقال:"بني سلمة دياركم؛ تكتب آثاركم ، دياركم، تكتب آثاركم" (رواه مسلم).
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
বনু সালেমাহ মসজিদের নিকটে স্থান পরিবর্তন করার ইচ্ছা করল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এই সংবাদ পৌঁছল। সুতরাং তিনি তাদেরকে বললেন, ’’আমি খবর পেয়েছি যে, তোমরা স্থান পরিবর্তন করে মসজিদের নিকট আসার ইচ্ছা করছ?’’ তারা বলল, ’হ্যাঁ, হে আল্লাহর রাসূল! আমরা এর ইচ্ছা করেছি।’ তিনি বললেন, ’’হে বনূ সালেমাহ! তোমরা তোমাদের (বর্তমান) গৃহেই থাকো; তোমাদের পদচিহ্নসমূহ লেখা হবে। তোমরা আপন গৃহেই থাকো; তোমাদের পদচিহ্নসমূহ লেখা হবে।’’ (মুসলিম)অন্য এক বর্ণনায় আছে, ’’নিশ্চয় তোমাদের প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি হবে।’’[১]
মুসলিম ৬৬৫, আহমাদ ১৪১৫৬, ১৪৫৭৪, ১৪৭৭২
রিয়াদুস সালেহীন হাদিস ২০/১৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বনু সালেমাহ মসজিদের কাছে চলে আসতে চেয়েছিল। খবর পেয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের জিজ্ঞেস করলেন, তারা কি মসজিদের কাছে স্থান পরিবর্তন করতে চায়? তারা হ্যাঁ বললে তিনি বললেন, তারা যেন নিজেদের বর্তমান ঘরেই থাকে; তাদের পদচিহ্ন লেখা হবে। তিনি কথাটি আবারও বলেছেন, যাতে বিষয়টি গুরুত্ব পায়। অন্য বর্ণনায় এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি হবে। এই হাদিস থেকে বোঝা যায়, মসজিদে যাওয়ার পথে কষ্ট বা দূরত্ব থাকলে তা নেকীর কারণ হতে পারে। তাই শুধু মসজিদের কাছে থাকা নয়, মসজিদের পথে চলার আমলও মূল্যবান। তবে মূল শিক্ষা হলো—নামাজের জন্য পদক্ষেপ আল্লাহর কাছে লিখিত হয়। তাই দূরত্বকে শুধু অসুবিধা না ভেবে, নামাজের জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপের মূল্য বুঝতে শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে যাওয়ার পদচিহ্ন লিখিত হয়।
- দূর থেকে মসজিদে আসা মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে।
- নামাজের জন্য হাঁটা নিজেই একটি নেক আমল।
- ইবাদতের পথে কষ্টের মূল্য আল্লাহর কাছে আছে।
