৯/২১৬. অধ্যায়ঃ
যাকাতের অপরিহার্যতা এবং তার ফযীলত
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ٤٣﴾(البقرة: ٤٣)অর্থাৎ তোমরা নামায প্রতিষ্ঠা ও যাকাত আদায় কর। (বাকারাহ ৪৩ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ﴾ (البينة: ٥অর্থাৎ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বি-শুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠ-ভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম। (বাইয়েনাহ ৫ আয়াত)তিনি অন্যত্র আরও বলেছেন,﴿ خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا﴾ [التوبة: ١٠٣]অর্থাৎ তুমি তাদের ধন-সম্পদ হতে সদকা গ্রহণ কর, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করে দেবে। (সূরা তওবা ১০৩ আয়াত)
ইসলামের পাঁচ স্তম্ভ: ঈমান, নামায, যাকাত, হজ্জ ও রোযা
রিয়াদুস সলেহিন : ১/১২১৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১২১৪
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، وَإقَامِ الصَّلاَةِ، وَإيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ». متفقٌ عَلَيْهِ
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “পাঁচটি ভিত্তির উপর দ্বীনে ইসলাম স্থাপিত। (১) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। (২) নামায প্রতিষ্ঠা করা। (৩) যাকাত আদায় করা। (৪) বায়তুল্লাহর (কা’বা গৃহে)র হজ্জ করা। এবং (৫) রমযানের রোযা পালন করা।” (বুখারী-মুসলিম)[১]
সহীহুল বুখারী ৮, মুসলিম ১৬, তিরমিযী ২৬০৯, ৫০০১, আবূ দাউদ ৪৭৮৩, ৫৬৩৯, ৫৯৭৯, ৬২৬৫
রিয়াদুস সলেহিন হাদিস ১/১২১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইসলামের পাঁচ ভিত্তির কথা বলেছেন। প্রথম হলো সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ صلى الله عليه وسلم তাঁর বান্দা ও রাসূল। এরপর আছে নামায প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, বায়তুল্লাহর হজ্জ করা এবং রমযানের রোযা পালন করা। এই পাঁচটি বিষয় মুসলিম জীবনের মূল কাঠামো হিসেবে এসেছে। হাদিসটি ইসলামের পাঁচ স্তম্ভ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে বিশ্বাস ও আমল একসাথে এসেছে। শুধু মুখে পরিচয় নয়, নামায, যাকাত, হজ্জ ও রোযার মাধ্যমে সেই বিশ্বাসের প্রকাশও আছে। সহজভাবে বললে, এই হাদিস একজন মুসলিমের মূল দায়িত্বগুলোকে এক জায়গায় তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওহীদ ও রাসূলের প্রতি ঈমান ইসলামের প্রথম ভিত্তি।
- নামায, যাকাত, হজ্জ ও রোযা মুসলিম জীবনের মূল আমল।
- ইসলাম বিশ্বাস ও কাজ—দুই দিকই গুরুত্ব দেয়।
