৯/১৮০. অধ্যায়ঃ
পবিত্র কুরআন পড়ার ফযীলত
সূরা কাহাফ পাঠে নেমে আসা প্রশান্তির ঘটনা
রিয়াদুস সালেহীন : ৮/১০০৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৮/১০০৫
وَعَنِ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ، وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدْنُوْ، وَجَعَلَ فَرَسُه يَنْفِرُ مِنْهَا، فَلَمَّا أصْبَحَ أتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلقُرْآنِ». متفقٌ عَلَيْهِ
বারা’ ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা একটি লোক সূরা কাহাফ পাঠ করছিল। তার পাশেই দুটো রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতোমধ্যে লোকটিকে একটি মেঘে ঢেকে নিলো। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলে ঘোড়াটি তা দেখে চমকাতে আরম্ভ করল। অতঃপর যখন সকাল হলো তখন লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে হাজির হয়ে উক্ত ঘটনা বর্ণনা করল। তা (শুনে) তিনি বললেন, “ওটি প্রশান্তি ছিল, যা তোমার কুরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছে।” (বুখারী, মুসলিম) [১]
সহীহুল বুখারী ৫০১১, ৩৬১৪, ৪৮৩৯, মুসলিম ৭৯৫, তিরমিযী ২৮৮৫, আহমাদ ১৮০০৬, ১৮০৩৮, ১৮১১৮, ১৮১৬৩
রিয়াদুস সালেহীন হাদিস ৮/১০০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা কাহাফ পাঠের সময় ঘটে যাওয়া একটি ঘটনা বলা হয়েছে। এক ব্যক্তি সূরা কাহাফ পড়ছিলেন। পাশে একটি ঘোড়া বাঁধা ছিল। তখন একটি মেঘ তাকে ঢেকে নেয় এবং কাছে আসতে থাকে। ঘোড়াটি তা দেখে চমকে ওঠে। সকালে তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে ঘটনা জানান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, সেটি ছিল প্রশান্তি, যা কুরআন পড়ার কারণে নেমে এসেছিল। এই বর্ণনা থেকে বোঝা যায়, কুরআন তিলাওয়াতের সঙ্গে শান্তি ও আল্লাহর রহমতের সম্পর্ক আছে। তবে হাদিসে যে ঘটনা এসেছে, সেটুকুই বলা উচিত; এর বাইরে অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন তিলাওয়াত প্রশান্তির কারণ হতে পারে।
- সূরা কাহাফ পাঠের একটি বিশেষ ঘটনা এই হাদিসে এসেছে।
- অদ্ভুত কোনো ঘটনা ঘটলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জানানো সাহাবিদের অভ্যাস ছিল।
- কুরআন পড়া মুমিনের মনে শান্তি আনার পথ।
