৮/৪৫. অধ্যায়ঃ
মিম্বারের ওপর সলাত আদায় করা
মিম্বারে সালাত শিক্ষা: দেখে দেখে নবীজির নামাজ শেখা
সুনানে আন-নাসায়ী : ৭৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৭৩৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ: أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَقَدْ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ؟ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ: وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِمَّ هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ، وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةَ امْرَأَةٍ - قَدْ سَمَّاهَا سَهْلٌ -: «أَنْ مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ». فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ، ثُمَّ جَاءَ بِهَا، فَأُرْسِلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقِيَ فَصَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ، ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلَاتِي»
আবূ হাযিম ইব্ন দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
কয়েকজন লোক সাহল ইবনু সা‘দ আস-সাঈদী (রাঃ)-এর নিকট আসলেন, তাঁরা মিম্বারের বিষয়ে সন্দেহ করতে লাগল যে, তার কাঠ কোথা থেকে আনা হয়েছে। তাঁরা তাঁকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, আল্লাহর শপথ! আমি জানি তা কোথা থেকে আনা হয়েছে। প্রথম যেদিন তা স্থাপন করা হয় এবং প্রথম যেদিন রাসূলুল্লাহ (ﷺ) তাতে বসেন সেদিন আমি তা দেখেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) জনৈক মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন যে, তোমার কাঠমিস্ত্রি চাকরকে আদেশ কর, সে যেন আমার জন্যে একটা কাঠের মিম্বর তৈরি করে দেয়, যখন লোকের সাথে কথা বলব আমি তার উপর বসব। ঐ রমণী তাকে আদেশ করলে সে 'গাবা' অরণ্যের ঝাউ বৃক্ষের কাঠ দ্বারা তা তৈরি করলো। তারপর তা নিয়ে সে মিস্ত্রি আসলো। সে মহিলা তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রেরণ করলে রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশে তা এখানে স্থাপন করা হয়।তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাতে আরোহণ করে সালাত আদায় করতে দেখেছি। তিনি এর উপর থেকেই তাকবীর বললেন ও রুকূ করলেন। তারপর তিনি পেছনে সরে মিম্বারের মূলে সিজদা করলেন। তিনি পুনরায় মিম্বারে ফিরে আসলেন। তারপর তিনি সালাত শেষ করে লোকের দিকে মুখ করে বললেন, হে লোক সকল! আমি এমন করলাম যাতে তোমরা আমার অনুসরণ করতে পার এবং তোমরা আমার সালাত তোমরা শিখতে পার।
সুনানে আন-নাসায়ী হাদিস ৭৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় সালাত শিক্ষা। সাহল ইবনু সাদ রাঃ মিম্বারের কাঠ ও তৈরির ঘটনা জানান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একজন নারীর কাঠমিস্ত্রি কর্মীকে মানুষের সঙ্গে কথা বলার জন্য একটি কাঠের মিম্বর বানাতে বলেন। মিম্বর স্থাপনের পর নবীজি صلى الله عليه وسلم তাতে উঠে সালাত আদায় করেন। তিনি মিম্বরের ওপর দাঁড়িয়ে তাকবির বলেন ও রুকু করেন, তারপর পেছনের দিকে নেমে মিম্বরের গোড়ায় সিজদা করেন। পরে আবার ওপরে ওঠেন। সালাত শেষ হলে তিনি মানুষের দিকে মুখ করে উদ্দেশ্যটি পরিষ্কার করেন—লোকেরা যেন তাঁকে অনুসরণ করতে পারে এবং তাঁর সালাত শিখতে পারে। তাই মিম্বারে সালাতের হাদিস শুধু মিম্বরের ইতিহাস নয়; এটি হাতে-কলমে শিক্ষা দেওয়ার বর্ণনা। নবীজি صلى الله عليه وسلم কথা বলার পাশাপাশি কাজ করে দেখিয়েছেন, যাতে উপস্থিত মানুষ নামাজের ধাপগুলো চোখে দেখে শিখতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিম্বর মানুষের সঙ্গে কথা বলার জন্য তৈরি করা হয়েছিল।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মিম্বরের ওপর তাকবির ও রুকু করেন।
- তিনি পেছনে নেমে মিম্বরের গোড়ায় সিজদা করেন।
- এই কাজের উদ্দেশ্য ছিল মানুষকে অনুসরণ ও সালাত শেখানো।
