৬/২১. অধ্যায়ঃ
'ইশার শেষ সময় প্রসঙ্গে
ইশার সালাতের অপেক্ষা: ধৈর্য ও জামাআতের শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ৫৩৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: مَكَثْنَا ذَاتَ لَيْلَةٍ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعِشَاءِ الْآخِرَةِ، فَخَرَجَ عَلَيْنَا حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ أَوْ بَعْدَهُ فَقَالَ حِينَ خَرَجَ: «إِنَّكُمْ تَنْتَظِرُونَ صَلَاةً مَا يَنْتَظِرُهَا أَهْلُ دِينٍ غَيْرُكُمْ، وَلَوْلَا أَنْ يَثْقُلَ عَلَى أُمَّتِي لَصَلَّيْتُ بِهِمْ هَذِهِ السَّاعَةَ»، ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَقَامَ ثُمَّ صَلَّى
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাতে আমরা ইশার সালাতের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর অপেক্ষা করছিলাম। তারপর রাতের এক-তৃতীয়াংশ বা আরো বেশি কিছু সময় চলে যাওয়ার পর তিনি আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন, তোমরা এমন একটি সালাতের অপেক্ষা করছ যে, তোমাদের ছাড়া অন্য কোন ধর্মের অনুসারীরা তার অপেক্ষা করে না। তিনি (ﷺ) আরো বললেন, আমার উম্মতের পক্ষে কঠিন না হলে এমন সময়েই আমি তাদেরকে নিয়ে (ইশা) সালাত আদায় করতাম। তারপর মুয়ায্জিনকে আদেশ করলেন, তিনি ইকামত বললেন, তারপর তিনি (ﷺ) সালাত আদায় করলেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) বলেন, এক রাতে সাহাবীরা ইশার সালাতের জন্য রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অপেক্ষা করছিলেন। রাতের এক-তৃতীয়াংশ বা আরও কিছু সময় চলে যাওয়ার পর তিনি বের হয়ে আসেন। তিনি বলেন, তোমরা এমন এক সালাতের অপেক্ষা করছ, যার অপেক্ষা তোমাদের ছাড়া অন্য ধর্মের অনুসারীরা করে না। এরপর তিনি বলেন, উম্মতের ওপর কঠিন না হলে তিনি এই সময়েই তাদের নিয়ে ইশা পড়তেন। তারপর মুয়াযযিনকে ইকামত দিতে বলেন এবং সালাত আদায় করেন। এই হাদিসে ইশার অপেক্ষার মর্যাদা, জামাআতের ধৈর্য এবং উম্মতের সহজতার কথা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইশার সালাতের জন্য অপেক্ষা করা একটি মূল্যবান আমল।
- নবীজি অপেক্ষমাণ সাহাবীদের প্রশংসা করেছেন।
- উম্মতের ওপর ভারী হবে কি না, তা নবীজি বিবেচনা করতেন।
- জামাআত ও ইকামতের শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
