২৩/৭৫. অধ্যায়ঃ
দাতার সাওয়াব প্রসঙ্গে
গোপন দান ও রাতের ইবাদত: আল্লাহর পছন্দের তিন আমল
সুনানে আন-নাসায়ী : ২৫৭০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৭০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ رِبْعِيًّا، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ظَبْيَانَ، رَفَعَهُ إِلَى أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَثَلَاثَةٌ يَبْغُضُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ، أَمَّا الَّذِينَ يُحِبُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ: فَرَجُلٌ أَتَى قَوْمًا فَسَأَلَهُمْ بِاللَّهِ عَزَّ وَجَلَّ، وَلَمْ يَسْأَلْهُمْ بِقَرَابَةٍ بَيْنَهُ وَبَيْنَهُمْ، فَمَنَعُوهُ، فَتَخَلَّفَهُ رَجُلٌ بِأَعْقَابِهِمْ فَأَعْطَاهُ سِرًّا لَا يَعْلَمُ بِعَطِيَّتِهِ إِلَّا اللَّهُ عَزَّ وَجَلَّ، وَالَّذِي أَعْطَاهُ، وَقَوْمٌ سَارُوا لَيْلَتَهُمْ حَتَّى إِذَا كَانَ النَّوْمُ أَحَبَّ إِلَيْهِمْ مِمَّا يُعْدَلُ بِهِ، نَزَلُوا فَوَضَعُوا رُءُوسَهُمْ، فَقَامَ يَتَمَلَّقُنِي، وَيَتْلُو آيَاتِي، وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةٍ فَلَقُوا الْعَدُوَّ فَهُزِمُوا، فَأَقْبَلَ بِصَدْرِهِ حَتَّى يُقْتَلَ أَوْ يَفْتَحَ اللَّهُ لَهُ، وَالثَّلَاثَةُ: الَّذِينَ يَبْغُضُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ: الشَّيْخُ الزَّانِي، وَالْفَقِيرُ الْمُخْتَالُ، وَالْغَنِيُّ الظَّلُومُ "
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তিন প্রকার ব্যক্তিকে মহান ও মহীয়ান আল্লাহ পছন্দ করেন এবং তিন প্রকার ব্যক্তিকে মহান ও মহীয়ান আল্লাহ ঘৃণা করেন।যাদেরকে মহান ও মহীয়ান আল্লাহ পছন্দ করেন তারা হল: যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কাছে এসে মহান ও মহীয়ান আল্লাহর নামে কিছু সাহায্য চায়। সে তার এবং তাদের মাঝে আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে সাহায্য কামনা করে না। তারা তাকে কিছু না দিয়েই ফিরিয়ে দেয়। পরে তাদের মাঝের এক ব্যক্তি তার পিছু পিছে যায় এবং তাকে এমনভাবে গোপনে দান করে যে, তার দান সম্পর্কে মহান ও মহীয়ান আল্লাহ এবং সাহায্য গ্রহণকারী ব্যতীত আর কেউই জানতে পারে না।আর এক দল লোক যারা রাতে সফর করছিল, যখন ঘুম তাদের কাছে সমুদয় বস্তু থেকে প্রিয় হয়ে যায় তখন তারা নেমে ঘুমিয়ে পড়ে। তখন এক ব্যক্তি জেগে উঠল এবং আমার কাছে (আল্লাহর কাছে) অনুনয়-বিনয় করে কান্নাকাটি করে দোয়া করতে লাগল। আমার আয়াতসমূহ পাঠ করতে লাগল।আর এক ব্যক্তি জিহাদে কোনো সৈন্যদলের সাথে ছিল, তারা শত্রুর মুখোমুখি হয়ে পরাজয় বরণ করল। কিন্তু সে বুক পেতে দিয়ে সামনে এগিয়ে গিয়ে শহীদ হয়ে গেল অথবা আল্লাহ তাকে বিজয় দান করলেন।আর যে তিন প্রকার ব্যক্তিকে মহান ও মহীয়ান আল্লাহ ঘৃণা করেন তারা হল, বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী দরিদ্র এবং অত্যাচারী ধনী।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) তিন ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করেন এবং তিন ধরনের মানুষকে আল্লাহ ঘৃণা করেন বলে জানিয়েছেন। পছন্দনীয়দের মধ্যে আছে—যে ব্যক্তি আল্লাহর নামে সাহায্যপ্রার্থীকে গোপনে দান করে, এমনভাবে যে আল্লাহ ও গ্রহণকারী ছাড়া কেউ জানে না। আর আছে সেই ব্যক্তি, যে সফরের ক্লান্ত রাতে ঘুম ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে এবং তাঁর আয়াত পড়ে। তৃতীয়জন হলো যুদ্ধে পিছু না হটে সামনে এগিয়ে যায়, যতক্ষণ না শহীদ হয় বা আল্লাহ বিজয় দেন। আর অপছন্দনীয়দের মধ্যে এসেছে বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী দরিদ্র ও অত্যাচারী ধনী। হাদিসটি গোপন দান, রাতের ইবাদত, সাহস, বিনয় ও ন্যায়ের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোপনে দান করা আন্তরিকতার সুন্দর উদাহরণ হতে পারে।
- ক্লান্তির সময়ও আল্লাহর কাছে দোয়া ও তিলাওয়াত মূল্যবান আমল।
- অহংকার, জুলুম ও ব্যভিচার থেকে সতর্ক থাকতে হবে।
- সাহস ও আল্লাহর ওপর ভরসা ঈমানি চরিত্রের অংশ।
