১৩/৮৫. অধ্যায়ঃ
সলাত শেষে আর এক প্রকার দু'আ
সালামের পর যিকর: আল্লাহর একত্বের সহজ ঘোষণা
সুনানে আন-নাসায়ী : ১৩৪২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৪২
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْمُسَيَّبِ أَبِي الْعَلَاءِ، عَنْ وَرَّادٍ، قَالَ: كَتَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ إِلَى مُعَاوِيَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ دُبُرَ الصَّلَاةِ إِذَا سَلَّمَ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»
ওয়াররাদ (রহঃ) হতে বর্ণিতঃ
মুগীরা ইবনু শু'আবা (রাঃ) মু'আবিয়া (রাঃ)-এর কাছে লিখেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) (প্রত্যেক) সালাতের পর যখন সালাম ফিরাতেন তখন বলতেন-لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ‘ত্বয়তা ওয়ালা মু’তিয়া লিমা মানা‘তা ওয়ালা ইয়ানফা‘উ যার জাদ্দি মিনকাল জাদ্দ" (আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, যিনি একক ও শরীকবিহীন, সকল রাজত্ব ও রাজ্য তাঁরই এবং তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দান করো তা কেউ রোধ করতে পারে না, তুমি যা থেকে বঞ্চিত করো তা কেউ দান করতে পারে না, আর কোন সম্মানী ব্যক্তির উচ্চ পদমর্যাদা তাকে তোমার শাস্তি হতে রক্ষা করতে পারবে না)।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালামের পর যিকরের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রত্যেক সালাতের পর সালাম ফিরিয়ে আল্লাহর একত্বের বাক্য বলতেন। এতে বলা হয়, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। তাঁরই রাজত্ব এবং তাঁরই প্রশংসা। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এরপর দোয়ায় বান্দা স্বীকার করে, আল্লাহ যা দেন কেউ তা রোধ করতে পারে না, আর তিনি যা রোধ করেন কেউ তা দিতে পারে না। এই দোয়া মুসলিমকে শেখায় যে নামাজ শেষ হলেও আল্লাহর স্মরণ শেষ নয়। সালাতের পরের যিকর অন্তরকে আল্লাহমুখী রাখে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাম ফিরানোর পর আল্লাহর যিকর করা নববী আমল।
- আল্লাহর দান ও রোধের ক্ষমতা একমাত্র তাঁরই।
- সালাত শেষে তাওহীদের বাক্য অন্তরকে আল্লাহর দিকে ফেরায়।
