৪/৫. অধ্যায়ঃ
মসজিদসমূহে যেসব কাজ করা মাকরূহ।
মসজিদ হেফাজত: হৈচৈ, ঝগড়া ও বেচাকেনা থেকে দূরে রাখা
সুনানে ইবনে মাজাহ : ৭৫০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৫০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ، حَدَّثَنَا عُتْبَةُ بْنُ يَقْظَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " جَنِّبُوا مَسَاجِدَكُمْ صِبْيَانَكُمْ وَمَجَانِينَكُمْ وَشِرَارَكُمْ وَبَيْعَكُمْ وَخُصُومَاتِكُمْ وَرَفْعَ أَصْوَاتِكُمْ وَإِقَامَةَ حُدُودِكُمْ وَسَلَّ سُيُوفِكُمْ وَاتَّخِذُوا عَلَى أَبْوَابِهَا الْمَطَاهِرَ وَجَمِّرُوهَا فِي الْجُمَعِ " .
ওয়াসিলা ইবনুল আসকা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে শিশু, পাগল, মন্দ লোক, ক্রয়-বিক্রয়, ঝগড়া-বিবাদ, হৈ-চৈ, হদ্দ কার্যকরকরণ ও উন্মুক্ত অস্ত্র বহন থেকে হেফাজত করো। তোমরা তার দরজাসমূহের কাছে শৌচকর্মের জন্য ঢিলা রাখো এবং জুমুআর দিন তাকে সুগন্ধময় করো।
[৭৪৮] নাই তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: যঈফ তারগীব ১৮৬ যঈফ জিদ্দান, তালাকুর রগীব ১২০-১২১, ইরওয়াহ ৩৬২। উক্ত হাদিসের রাবী ১. হাদিস বিন নহাবান সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার থেকে হাদিস লিখা হয় না। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন হাম্বল ও ইমাম বুখারী বলেন, মুনকারুল হাদিস। ইমাম নাসাঈ বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, কোন সমস্যা নেই। ২. উতবাহ বিন ইয়াকযান সম্পর্কে ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ৩. আবু সাঈদ সম্পর্কে ইমামগন বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মসজিদসমূহকে বিভিন্ন অনুচিত বিষয় থেকে হেফাজত করতে বলেছেন। শিশু, পাগল, মন্দ লোক, ক্রয়-বিক্রয়, ঝগড়া-বিবাদ, হৈ-চৈ, হদ্দ কার্যকরকরণ ও উন্মুক্ত অস্ত্র বহন থেকে মসজিদকে বাঁচানোর নির্দেশ এসেছে। একই সঙ্গে মসজিদের দরজার কাছে শৌচকর্মের জন্য ঢিলা রাখার কথা এবং জুমুআর দিন মসজিদকে সুগন্ধময় করার কথাও এসেছে। হাদিসটির মূল শিক্ষা হলো মসজিদের সম্মান ও পরিচ্ছন্নতা রক্ষা করা। মসজিদে এমন কোনো পরিবেশ তৈরি করা ঠিক নয়, যা ইবাদতকারীর মনোযোগ নষ্ট করে বা নিরাপত্তা ও শান্তি কমিয়ে দেয়। এখানে মসজিদের আদব খুব বাস্তবভাবে শেখানো হয়েছে—বেচাকেনা নয়, ঝগড়া নয়, চিৎকার নয়; বরং পবিত্রতা, শৃঙ্খলা ও সুগন্ধ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদকে ঝগড়া, হৈচৈ ও ক্রয়-বিক্রয় থেকে রক্ষা করতে হবে।
- মসজিদে উন্মুক্ত অস্ত্র বহন ও শাস্তি কার্যকর করার নিষেধ এসেছে।
- জুমুআর দিনে মসজিদ সুগন্ধময় রাখার শিক্ষা আছে।
- মসজিদের দরজার কাছে পবিত্রতার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
