৩৭/৩৮. অধ্যায়ঃ
জাহান্নামের বর্ণনা
দুনিয়ার সুখ-দুঃখ ক্ষণস্থায়ী: আখিরাতের বাস্তব শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৪৩২১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩২১
حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُؤْتَى يَوْمَ الْقِيَامَةِ بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنَ الْكُفَّارِ فَيُقَالُ اغْمِسُوهُ فِي النَّارِ غَمْسَةً . فَيُغْمَسُ فِيهَا ثُمَّ يُقَالُ لَهُ أَىْ فُلاَنُ هَلْ أَصَابَكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لاَ مَا أَصَابَنِي نَعِيمٌ قَطُّ . وَيُؤْتَى بِأَشَدِّ الْمُؤْمِنِينَ ضُرًّا وَبَلاَءً . فَيُقَالُ اغْمِسُوهُ غَمْسَةً فِي الْجَنَّةِ . فَيُغْمَسُ فِيهَا غَمْسَةً فَيُقَالُ لَهُ أَىْ فُلاَنُ هَلْ أَصَابَكَ ضُرٌّ قَطُّ أَوْ بَلاَءٌ فَيَقُولُ مَا أَصَابَنِي قَطُّ ضُرٌّ وَلاَ بَلاَءٌ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেয়ামতের দিন কাফিরদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে, যে দুনিয়াতে আরাম-আয়েশে দিন কাটিয়েছে। বলা হবে, তোমরা (ফেরেশতারা) একে জাহান্নামে একটি চুবান দাও। অতএব তাকে জাহান্নামে একটি চুবান দেওয়া হবে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, হে অমুক! তুমি কি কখনো সুখের ছোঁয়া পেয়েছিলে? সে বলবে, না, আমি কখনো সুখের ছোঁয়া পাইনি। অতঃপর (কেয়ামতের দিন) মুমিনদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে, যে দুনিয়াতে দুঃখ-কষ্ট ও বিপদাপদে জীবন কাটিয়েছে। বলা হবে, একে একটু জান্নাত দেখাও। অতঃপর তাকে জান্নাতে চুবানো হবে। এরপর তাকে বলা হবে, হে অমুক! তোমাকে কি কখনো দুঃখ-কষ্ট ও বিপদাপদ স্পর্শ করেছে? সে বলবে, আমি কখনো দুঃখ-কষ্টে পতিত হইনি।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬৫১] [মুসলিম ২৮০৭, আহমাদ ১২৬৯৯। সহীহাহ ১১৬৭।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুনিয়ার সুখ-দুঃখের আসল মূল্য বোঝানো হয়েছে। এক কাফির দুনিয়ায় আরাম-আয়েশে জীবন কাটিয়েছে; কিন্তু জাহান্নামে একবার চুবানো হলে সে বলে, সে কখনো সুখ পায়নি। আবার এক মুমিন দুনিয়ায় দুঃখ-কষ্টে জীবন কাটিয়েছে; কিন্তু জান্নাতে একবার চুবানো হলে সে বলে, তার জীবনে কোনো কষ্ট আসেনি। হাদিসটি দুনিয়ার জীবনকে ছোট করে দেখাচ্ছে না, বরং আখিরাতের ফল কত বড় তা বুঝাচ্ছে। জান্নাতের নিয়ামত দুনিয়ার কষ্টকে ভুলিয়ে দেয়, আর জাহান্নামের শাস্তি দুনিয়ার সুখের স্মৃতিও মুছে দেয়। তাই মুমিনের জন্য ধৈর্য, ঈমান এবং আখিরাতের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার সুখ স্থায়ী নয়; আখিরাতের হিসাবই বড় বিষয়।
- মুমিনের দুঃখ-কষ্ট জান্নাতের নিয়ামতের সামনে খুব ছোট হয়ে যাবে।
- কাফিরের দুনিয়ার আরাম জাহান্নামের শাস্তির সামনে কোনো কাজে আসবে না।
- কষ্টের সময় মুমিনের উচিত ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে থাকা।
