৩৪/১৪. অধ্যায়ঃ
কেউ সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে যে দুআ’ পড়বে
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর্রু: সকাল-সন্ধ্যার নিরাপত্তার দোয়া
সুনানে ইবনে মাজাহ : ৩৮৬৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৬৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كَلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ - فَيَضُرَّهُ شَىْءٌ " . قَالَ وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفٌ مِنَ الْفَالِجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ إِلَىَّ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا قَدْ حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ .
উসমান বিন আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে কোন বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতে সন্ধ্যায় তিনবার করে এ দোয়া টি পড়লে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না : ‘‘আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমীনের কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’’। অধস্তন রাবী বলেন, আবান (রাঃ)-এর দেহের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। (উক্ত হাদীস বর্ণনাকালে) এক ব্যক্তি (অধস্তন রাবী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি দেখছো? শোন! আমি তোমার নিকট যে হাদীস বর্ণনা করছি তা হুবহু বর্ণনা করেছি। তবে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন ঐ দোয়া পড়িনি এবং আল্লাহ তা‘আলা তাকদীরের লিখন আমার উপর কার্যকর করেছেন।
[৩২০১] তিরমিযী ৩৩৮৮, আবূ দাউদ ৫০৮৮, আহমাদ ৪৪৮, ৫২৯। তাখরীজুল মুখতার ২৯১, ২৯২, আত তা’লীকুর রাগীব ১/২২৬, ২২৭।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সকাল ও সন্ধ্যায় তিনবার পড়ার একটি দোয়া এসেছে: ‘আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমীনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ হাদিসে বলা হয়েছে, যে বান্দা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পড়ে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। বর্ণনার শেষে আবান রা.-এর একটি ঘটনা এসেছে। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন, আর এক ব্যক্তি তার দিকে তাকালে তিনি বলেন, তিনি হাদিসটি ঠিকভাবেই বর্ণনা করেছেন; তবে যেদিন তিনি আক্রান্ত হয়েছিলেন, সেদিন এই দোয়া পড়েননি, আর আল্লাহ তাঁর তাকদীর কার্যকর করেছেন। তাই এই হাদিসে দোয়া, আল্লাহর নামে আশ্রয় এবং তাকদীরের প্রতি বিশ্বাস—সবই একসঙ্গে শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সকাল ও সন্ধ্যায় তিনবার নিরাপত্তার দোয়া পড়ার শিক্ষা এসেছে।
- আল্লাহর নামের বরকতে ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়।
- আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ—দোয়ায় এ বিশ্বাস প্রকাশ পায়।
- তাকদীর আল্লাহর হাতে—এই বিশ্বাসও বর্ণনায় স্পষ্ট।
