৩২/১. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পোশাক
চাদর দানের ঘটনায় নবীজির দানশীলতা ও মানুষের আকাঙ্ক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩৫৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৫৫
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِبُرْدَةٍ - قَالَ وَمَا الْبُرْدَةُ قَالَ الشَّمْلَةُ - قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي لأَكْسُوَكَهَا . فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُحْتَاجًا إِلَيْهَا فَخَرَجَ عَلَيْنَا فِيهَا وَإِنَّهَا لإِزَارُهُ فَجَاءَ فُلاَنُ بْنُ فُلاَنٍ - رَجُلٌ سَمَّاهُ يَوْمَئِذٍ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَحْسَنَ هَذِهِ الْبُرْدَةَ اكْسُنِيهَا . قَالَ " نَعَمْ " . فَلَمَّا دَخَلَ طَوَاهَا وَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَالَ لَهُ الْقَوْمُ وَاللَّهِ مَا أَحْسَنْتَ كُسِيَهَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ مُحْتَاجًا إِلَيْهَا ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا وَقَدْ عَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً . فَقَالَ إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ إِيَّاهَا لأَلْبَسَهَا وَلَكِنْ سَأَلْتُهُ إِيَّاهَا لِتَكُونَ كَفَنِي . فَقَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ يَوْمَ مَاتَ .
সাহল বিন সা’দ আস-সাইদী (রাঃ), হতে বর্ণিতঃ
এক মহিলা একখানা চাদরসহ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনার জন্য আমি নিজ হাতে এটা বুনেছি। (বর্ণনাকারী বলেন) চাদরটি ছিল ডোরাকাটা। চাদরের প্রয়োজন অনুভব করে রাসূলুল্লাহ (ﷺ) তা গ্রহণ করলেন, অতঃপর তা লুঙ্গির মতো করে পরিধান করে আমাদের নিকট আসলেন।তখন অমুকের পুত্র অমুক এসে বললো, হে রাসূলুল্লাহ (ﷺ)! চাদরটা কী চমৎকার। এটা আমাকে পরতে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আচ্ছা। তিনি বাড়িতে গিয়ে চাদরটা ভাঁজ করে তার নিকট পাঠিয়ে দিলেন।লোকজন তাকে বললো, আল্লাহর শপথ! কাজটা তুমি ভালো করোনি। নবী (ﷺ) প্রয়োজন অনুভব করেই তা পরেছিলেন। আর তুমি তাঁর নিকট তা চেয়ে নিলে! অথচ তুমি জানো তিনি কোন প্রার্থীকেই বিমুখ করেন না।সে বললো, আল্লাহর শপথ! আমি এটা পরার জন্য তাঁর কাছ থেকে চেয়ে নেইনি, বরং আমার কাফন বানানোর জন্য চেয়ে নিয়েছি। সাহল (রাঃ) বলেন, লোকটা যেদিন মারা গেল সেদিন সেটিই তার কাফন হলো।
তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মহিলা নিজ হাতে বোনা চাদর নবী (صلى الله عليه وسلم)-কে দেন। নবীজি (صلى الله عليه وسلم) প্রয়োজন অনুভব করে তা গ্রহণ করেন এবং পরিধান করেন। পরে এক ব্যক্তি চাদরটি চাইলে তিনি “আচ্ছা” বলে বাড়িতে গিয়ে তা ভাঁজ করে পাঠিয়ে দেন। লোকেরা তাকে তিরস্কার করে, কারণ নবীজি (صلى الله عليه وسلم) প্রয়োজন থাকা সত্ত্বেও চাদরটি পরেছিলেন এবং তিনি প্রার্থীকে ফিরিয়ে দিতেন না। লোকটি জানায়, সে পরার জন্য নয়, নিজের কাফনের জন্য চেয়েছিল। পরে সেটিই তার কাফন হয়। হাদিসটি নবীজির দানশীলতা, সাহাবীর আকাঙ্ক্ষা এবং নবীজির বরকতময় সান্নিধ্যের প্রতি ভালোবাসা তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم) প্রার্থীকে ফিরিয়ে না দেওয়ার মতো দানশীল ছিলেন।
- নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা বড় চরিত্রের পরিচয়।
- সাহাবীরা নবীজির ব্যবহৃত জিনিসকে ভালোবাসতেন।
- কাউকে কিছু চাইলে তার অবস্থাও বিবেচনা করা উচিত।
