৩১/২২. অধ্যায়ঃ
কোন দিন রক্তমোক্ষণ করানো উচিত?
বাসি মুখে হিজামা: নিরাময়, বরকত ও দিন নির্বাচনের হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৩৪৮৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৪৮৭
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ يَا نَافِعُ قَدْ تَبَيَّغَ بِيَ الدَّمُ فَالْتَمِسْ لِي حَجَّامًا وَاجْعَلْهُ رَفِيقًا إِنِ اسْتَطَعْتَ وَلاَ تَجْعَلْهُ شَيْخًا كَبِيرًا وَلاَ صَبِيًّا صَغِيرًا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " الْحِجَامَةُ عَلَى الرِّيقِ أَمْثَلُ وَفِيهِ شِفَاءٌ وَبَرَكَةٌ وَتَزِيدُ فِي الْعَقْلِ وَفِي الْحِفْظِ فَاحْتَجِمُوا عَلَى بَرَكَةِ اللَّهِ يَوْمَ الْخَمِيسِ وَاجْتَنِبُوا الْحِجَامَةَ يَوْمَ الأَرْبِعَاءِ وَالْجُمُعَةِ وَالسَّبْتِ وَيَوْمَ الأَحَدِ تَحَرِّيًا وَاحْتَجِمُوا يَوْمَ الاِثْنَيْنِ وَالثُّلاَثَاءِ فَإِنَّهُ الْيَوْمُ الَّذِي عَافَى اللَّهُ فِيهِ أَيُّوبَ مِنَ الْبَلاَءِ وَضَرَبَهُ بِالْبَلاَءِ يَوْمَ الأَرْبِعَاءِ فَإِنَّهُ لاَ يَبْدُو جُذَامٌ وَلاَ بَرَصٌ إِلاَّ يَوْمَ الأَرْبِعَاءِ أَوْ لَيْلَةَ الأَرْبِعَاءِ " .
ইবনু উমার (রাঃ), হতে বর্ণিতঃ
হে নাফি! আমার রক্তে উচ্ছ্বাস দেখা দিয়েছে (রক্তচাপ বেড়েছে)। অতএব আমার জন্য একজন রক্তমোক্ষণকারী খুঁজে আনো, আর সম্ভব হলে সদাশয় কাউকে আনবে। বৃদ্ধ বা বালককে আনবে না। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ বাসি মুখে রক্তমোক্ষণ করালে তাতে নিরাময় ও বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। অতএব আল্লাহর বরকত লাভে ধন্য হতে তোমরা বৃহস্পতিবার রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধ, শুক্র, শনি ও রবিবারকে রক্তমোক্ষণ করানোর জন্য বেছে নেয়া থেকে বিরত থাকো। সোম ও মঙ্গলবারে রক্তমোক্ষণ করাও, কেননা এই দিনই আল্লাহ আইয়ুব (আঃ)-কে রোগমুক্তি দান করেন এবং বুধবার তাকে রোগাক্রান্ত করেন। আর কুষ্ঠরোগ ও ধবল বুধবার দিনে বা রাতেই শুরু হয়।
তাহকীক আলবানীঃ হাসান।[৩৪৮৭] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ৭৬৬।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) নাফি (রহঃ)-কে বলেন, তাঁর রক্তে উচ্ছ্বাস দেখা দিয়েছে, তাই একজন রক্তমোক্ষণকারী খুঁজে আনতে। তিনি সদাশয় কাউকে আনতে বলেন এবং বৃদ্ধ বা বালককে না আনতে বলেন। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী উল্লেখ করেন—বাসি মুখে রক্তমোক্ষণে নিরাময় ও বরকত রয়েছে এবং এতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হাদিসে বৃহস্পতিবারে হিজামার কথা এসেছে, আবার বুধ, শুক্র, শনি ও রবিবার বেছে নেওয়া থেকে বিরত থাকার কথাও এসেছে। সোমবার ও মঙ্গলবারে করানোর কথাও আছে। এই বর্ণনা হিজামার সময়, দিন ও হিজামাকারী নির্বাচন—তিনটি বিষয় একসাথে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রক্তমোক্ষণকারীর চরিত্র ও উপযুক্ততা বিবেচনা করার কথা এসেছে।
- বাসি মুখে রক্তমোক্ষণে নিরাময় ও বরকতের কথা বর্ণনায় আছে।
- হাদিসে কিছু দিন বেছে নেওয়া এবং কিছু দিন এড়িয়ে চলার কথা এসেছে।
- বর্ণনার বাইরে গিয়ে অতিরিক্ত চিকিৎসা-দাবি করা ঠিক নয়।
