২৯/১৬. অধ্যায়ঃ
আহার শেষে যে দুআ' পড়তে হয়
খাবার শেষে দোয়া: আল্লাহর রিজিকের জন্য কৃতজ্ঞতা
সুনানে ইবনে মাজাহ : ৩২৮৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৮৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنْ رِيَاحِ بْنِ عَبِيدَةَ، عَنْ مَوْلًى، لأَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَكَلَ طَعَامًا قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) খাবার শেষ করে বলতেনঃ "আলহামদু লিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনা আল-মুসলিমীন" (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন)।
[৩২৮৩] তিরমিযী ৩৪৫৭, আহমাদ ১০৮৮৩, ১১৫২৪, মিশকাত ৪২০৪, আল-কালিমুত তায়্যিব ১৮৮, মুখতাসারুশ শামাইল ১৬৩। তাহকীক আলবানীঃ দুর্বল। উক্ত হাদিসের রাবী ১. আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা) ২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো খাবার শেষে দোয়া। নবী (صلى الله عليه وسلم) খাবার শেষ করে বলতেন, “আলহামদু লিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনা আল-মুসলিমীন।” এর অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। এই দোয়ায় তিনটি বড় নেয়ামতের কথা এসেছে: খাবার, পানীয় এবং ইসলাম। মানুষ প্রতিদিন খায় ও পান করে, কিন্তু অনেক সময় এগুলোকে স্বাভাবিক মনে করে। এই হাদিস আমাদের শেখায়, খাবার শেষে শুধু পেট ভরার কথা ভাবা নয়; বরং আল্লাহর দেওয়া রিজিক ও ঈমানের নেয়ামত মনে করা উচিত। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা একজন মুমিনের সুন্দর অভ্যাস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবার শেষে আল্লাহর প্রশংসা করা সুন্নাহভিত্তিক সুন্দর আমল।
- খাবার ও পানীয় আল্লাহর দেওয়া নেয়ামত হিসেবে দেখা উচিত।
- মুসলিম হওয়ার নেয়ামতও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা দরকার।
- দৈনন্দিন ছোট কাজেও আল্লাহকে স্মরণ করা মুমিনের পরিচয়।
