২৮/৩. অধ্যায়ঃ
কুকুর কর্তৃক ধৃত শিকার
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার কখন খাওয়া যাবে
সুনানে ইবনে মাজাহ : ৩২০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২০৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ . قَالَ " إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَكُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنْ أَكَلَ الْكَلْبُ فَلاَ تَأْكُلْ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ أُخَرُ فَلاَ تَأْكُلْ " . قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُهُ - يَعْنِي عَلِيَّ بْنَ الْمُنْذِرِ - يَقُولُ حَجَجْتُ ثَمَانِيَةً وَخَمْسِينَ حِجَّةً أَكْثَرُهَا رَاجِلٌ .
আদী বিন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করে বললাম, আমরা এই কুকুরের সাহায্যে শিকার ধরে থাকি। তিনি বলেন, তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম নিয়ে শিকারের উদ্দেশ্যে প্রেরণ করে থাকলে সে তোমাদের জন্য যা শিকার করে তা খাও, তা সে হত্যা করে ফেললেও, কিন্তু (তা থেকে) কুকুর খেয়ে ফেললে (তা খেও না)। যদি কুকুর (তা থেকে) খেয়ে থাকে তবে তুমি তা ভক্ষণ করো না। কারণ আমার সন্দেহ হয় যে, সে তা নিজের জন্য শিকার করেছে। আর সাথে অন্য কুকুর থাকলে তুমি তা আহার করো না।ইবনু মাজাহ (রহঃ) বলেন, আমি আলী ইবনুল মুনযিরকে বলতে শুনেছি, আমি আটান্ন বার হজ্জ করেছি এবং এর অধিকাংশ বার পদব্রজে।
[৩২০৮] সহীহুল বুখারী ১৭৫, ২০৫৪, ২০৭৫, ৫৪৭৬, ৫৪৭৭, ৫৪৮৩, ৫৪৮৫, ৫৪৮৬, ৫৪৮৭, ৭৩৯৭, মুসলিম ১৯২৯, তিরমিযী ১৪৬৫, ১৪৭০, নাসায়ী ৪২৬৩, ৪২৬৪, ৪২৬৫, ৪২৬৭, ৪২৬৮, ৪২৬৯, ৪২৭০, ৪২৭২, ৪২৭৩, ৪২৭৪, ৪২৭৫, আবূ দাউদ ২৮৪৮, ২৮৪৭, ২৮৪৯, ২৮৫১, ২৮৫৪, আহমাদ ১৭৭৮১, ১৭৭৯৪, ১৭৭৯৮, ১৮৮৭৯, ১৮৮৯৩, ১৮৯০১, দারেমী ২০০২, ইরওয়া ২৫৫১, সহীহ আবু দাউদ ২৫৩৭-২৫৪৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আলী ইবনুল মুনযীর সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শিয়া মতাবলম্বী। মাসলামাহ বিন কাসিম বলেন, তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই তবে তিনি শিয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৪০, ১২/১৪৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ) কুকুরের সাহায্যে শিকার সম্পর্কে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে আল্লাহর নাম নিয়ে শিকারের উদ্দেশ্যে পাঠালে সে যা ধরে, তা খাওয়া যায়; এমনকি সে শিকারটি মেরে ফেললেও। তবে কুকুর যদি শিকার থেকে খেয়ে ফেলে, তা খাওয়া যাবে না। কারণ সে নিজের জন্য ধরে থাকতে পারে—এমন সন্দেহের কথা এসেছে। আবার অন্য কুকুর মিশে গেলে সে শিকারও খাওয়া যাবে না। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বিসমিল্লাহ, কুকুর শিকার খেলে, অন্য কুকুর মিশে গেলে—এসব নিয়ম স্পষ্টভাবে বলা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রশিক্ষিত কুকুর ছাড়ার সময় আল্লাহর নাম নেওয়ার নির্দেশ আছে।
- কুকুর শিকার থেকে খেয়ে ফেললে তা খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- অন্য কুকুর মিশে গেলে শিকারের বিষয়ে সন্দেহ তৈরি হয়।
