২৫/৮২. অধ্যায়ঃ
বিদায়ী তাওয়াফ
মক্কা ত্যাগের আগে শেষ তাওয়াফ: বিদায়ী তাওয়াফের স্পষ্ট নির্দেশ
সুনানে ইবনে মাজাহ : ৩০৭১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৭১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَنْفِرَ الرَّجُلُ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
শেষবারের মত বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত কোন ব্যক্তিকে (মক্কা থেকে) প্রস্থান করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৭১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। রাওদুন নাদীর ৫৫৯, সহীহ আবু দাউদ ১৭৪৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইবরাহীম বিন ইয়াযীদ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবুল হাসান ইবনুল কাত্তান তাকে দুর্বল বলেছেন। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তার বর্ণিত হাদিস দারা দলীল গ্রহনযোগ্য নয়। আবদুল্লাহ বিন সুলায়মান ইবনুল আশআস বলেন, তিনি হাদিস বর্ণনায় সহজ-সরল অর্থাৎ তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আলী ইবনুল জুনায়দ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল আমি তার থেকে কোন হাদিস বর্ণনা করিনি। মুহাম্মাদ বিন আবদুল্লাহ আল-মাখরামী তার হাদিস বর্জন করেছেন। মুহাম্মাদ বিন আবদুল্লাহ ইবনুল বুরাকী বলেন, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬৭, ২/২৪২ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহীহ কিন্তু ইবরাহীম বিন ইয়াযীদ এর কারণে সানাদটি খুবই দুর্বল। হাদিসটির ১৬৮ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ১৩ টি খুবই দুর্বল, ৪৭ টি দুর্বল, ৩৮ টি হাসান, ৬৯ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ১৭৫৪, মুসলিম ১২১১, তিরমিযি ৯৪৪, ৯৪৬, আবু দাউদ ২০০২, ২০০৪, দারিমী ১৯৩২, মুয়াত্তা মালিক ৯৪৬, আহমাদ ১৯৩৭, ৩১৩০, ১০৫০১৪, ১৫০১৫, ১৫০১৬, সহীহ ইবনু খুযাইমাহ ২৮০৮, ২৮০৯, সহীহ ইবনু হিব্বান ৩৮৯৭, ৩৮৯৯, দারাকুতনী ২৬৬৪, ২৭৬০, শারহুস সুন্নাহ ১৯৭১।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমার (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কোনো ব্যক্তিকে শেষবারের মতো বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত মক্কা থেকে প্রস্থান করতে নিষেধ করেছেন। আগের হাদিসে একই অর্থ ইবনু আব্বাস (রাঃ)-এর বর্ণনায় এসেছে। এখানে ভাষা আরও সরাসরি—প্রস্থান করার আগে শেষ সম্পর্ক যেন বাইতুল্লাহর সাথে হয়। তাই বিদায়ী তাওয়াফ হজ্জের শেষ ধাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। হাদিসটি আমাদের শেখায়, ইবাদত শেষ করলেও বিদায়ের আদব আছে। মক্কা থেকে বের হওয়ার সময় ব্যস্ততা, পথ বা কাফেলার চিন্তার মধ্যেও নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মনে রাখা জরুরি। তবে ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের কথার বাইরে বাড়তি দাবি করা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কা ছাড়ার আগে শেষ তাওয়াফের নির্দেশ এসেছে।
- হজ্জের শেষ কাজগুলোতেও শৃঙ্খলা দরকার।
- বিদায়ী তাওয়াফ বাইতুল্লাহর প্রতি সম্মান প্রকাশের একটি আমল।
