২৪/২৪. অধ্যায়ঃ
মুজাহিদ বাহিনীকে এগিয়ে দেওয়া এবং তাদের বিদায় জানানো
মুজাহিদকে বিদায় জানানোর ফজিলত ও সহায়তার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৮২৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮২৪
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لأَنْ أُشَيِّعَ مُجَاهِدًا فِي سَبِيلِ اللَّهِ فَأَكُفَّهُ عَلَى رَحْلِهِ غَدْوَةً أَوْ رَوْحَةً أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " .
মুআয বিন আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর পথের মুজাহিদকে বিদায় জানানো, অতঃপর তাকে সকালে বা সন্ধ্যায় তাঁর সওয়ারিতে তুলে দেয়া আমার নিকট দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে অধিক পছন্দনীয়।
তাহকীক আলবানীঃ দঈফ।[২৮২৪] আহমাদ ১৫২১৬, বায়হাকী ফিস সুনান ৯/১৫০, ইরওয়া ১১৮৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী জা'ফার বিন মুসাফির সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন। তিনি সালিহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৫৫, ৫/১০৮ নং পৃষ্ঠা) ২. ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল। আবু কাসিম বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। বিশর ইবনুস সারী বলেন, যদি তার সাথে আমার সাক্ষাৎ হত তবে আমি তার থেকে কোন হাদিস গ্রহন করতাম না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা) ৩. যাব্বান বিন ফাইদ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৯৫৩, ৯/২৮১ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর পথে যাত্রাকারী মুজাহিদকে বিদায় জানানোর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, এমন ব্যক্তিকে বিদায় জানানো এবং সকাল বা সন্ধ্যায় তাকে তার সওয়ারিতে তুলে দেওয়া তাঁর কাছে দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রিয়। এখানে মূল শিক্ষা হলো, নেক কাজে যাত্রাকারীকে শুধু মুখে দোয়া করাই নয়, বাস্তবে সাহায্য করাও মূল্যবান। হাদিসের ভাষা খুব শক্তিশালী, তবে ব্যাখ্যায় নির্দিষ্ট বক্তব্যের বাইরে অতিরিক্ত দাবি করা উচিত নয়। এই বর্ণনা মুজাহিদকে সহায়তা, বিদায়ের আদব এবং ভালো কাজে সহযোগিতার গুরুত্ব বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে যাত্রাকারীকে বিদায় জানানো একটি সম্মানজনক কাজ।
- শুধু কথা নয়, বাস্তব সহায়তাও গুরুত্বপূর্ণ।
- নবীজি মুজাহিদকে সহায়তা করার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
- ভালো কাজে সহযোগিতা করা ইসলামী চরিত্রের অংশ।
