২৪/১৬. অধ্যায়ঃ
আল্লাহর পথে শহীদ হওয়ার ফযিলাত
শহীদের মর্যাদা: আল্লাহর পথে নিহতদের জীবিত থাকার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৮০০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮০০
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحَرَامِيُّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ الْحَرَامِيُّ الأَنْصَارِيُّ، سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ لَمَّا قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أُحُدٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا جَابِرُ أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لأَبِيكَ " . قُلْتُ بَلَى . قَالَ " مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا . فَقَالَ يَا عَبْدِي تَمَنَّ عَلَىَّ أُعْطِكَ . قَالَ يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً . قَالَ إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يُرْجَعُونَ . قَالَ يَا رَبِّ فَأَبْلِغْ مَنْ وَرَائِي . فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَذِهِ الآيَةَ {وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا} " . الآيَةَ كُلَّهَا .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ বিন আমর বিন হারাম (রাঃ) শহীদ হলে রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ হে জাবির! মহামহিম আল্লাহ তোমার পিতাকে যা বলেছেন তা কি আমি তোমাকে অবহিত করবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেনঃ আল্লাহ তা’আলা যার সাথেই কথা বলেছেন, পর্দার অন্তরাল থেকে বলেছেন, কিন্তু তোমার পিতার সাথে সামনাসামনি কথা বলেছেন।তিনি বলেছেন, হে আমার বান্দা! তুমি আকাঙ্ক্ষা করো, আমি তোমাকে দিব। সে বললো, হে প্রভু! আমাকে জীবিত করুন আমি পুনরায় আপনার রাস্তায় শহীদ হবো। তিনি বলেন, আমার পক্ষ থেকে পূর্বেই এটা সাব্যস্ত হয়ে গেছে যে, এখানে আসার পর তারা আর প্রত্যাবর্তন করবে না। সে বললো, প্রভু! আমার পক্ষ থেকে আমার পশ্চাতের (পৃথিবীর) লোকেদের সুসংবাদ পৌঁছে দিন।তখন মহান আল্লাহ এ আয়াত নাযিল করেন (অনুবাদ) : “যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনও মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত....” (সূরা আল ইমরানঃ ১৬৯-১৭১)।
তাহকীক আলবানীঃ হাসান।[২৮০০] সহীহুল বুখারী ৭৪৪০, তিরমিযী ২৩১০, দারেমী ২৮২২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুসা বিন ইবরাহীম আল-হারামী আল-আনসারী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, যারা হাদিস বর্ণনায় ভুল করেন তিনি তাদের একজন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৩৪, ২৯/২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে শহীদের মর্যাদা খুব হৃদয়ছোঁয়া ভাষায় এসেছে। উহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ বিন আমর বিন হারাম (রাঃ) শহীদ হন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর ছেলে জাবির (রাঃ)-কে জানান যে, আল্লাহ তাঁর পিতার সাথে বিশেষভাবে কথা বলেছেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ সাধারণত পর্দার আড়াল থেকে কথা বলেন, কিন্তু জাবির (রাঃ)-এর পিতার সাথে সামনাসামনি কথা বলেছেন। তিনি আবার দুনিয়ায় ফিরে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ জানিয়ে দেন, মৃত্যুর পর আর দুনিয়ায় ফেরা হবে না। তখন তিনি চান, পৃথিবীর মানুষ যেন শহীদের সুসংবাদ জানতে পারে। তাই সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে শহীদ হওয়া বড় মর্যাদার বিষয়।
- শহীদদের সম্পর্কে মৃত মনে না করার শিক্ষা কুরআনের আয়াতে এসেছে।
- শহীদের আকাঙ্ক্ষা ছিল আবার আল্লাহর পথে জীবন দেওয়া।
- মুমিনের জন্য শহীদের ফজিলত জানা আশা ও সাহসের কারণ।
