২৪/১৫. অধ্যায়ঃ
মহান আল্লাহর পথে জিহাদ করা
আল্লাহর পথে অল্প সময়ের সংগ্রাম: জান্নাতের আশার বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ২৭৯২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৯২
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مَالِكُ بْنُ يُخَامِرَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ رَجُلٍ مُسْلِمٍ فُوَاقَ نَاقَةٍ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ " .
মুআয বিন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, কোনো মুসলিম ব্যক্তি মহামহিম আল্লাহর পথে একটি উষ্ট্রী দোহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৭৯২] তিরমিযী ১৬৫৭, ইবনু হিব্বান ৪৬১৮, ৩১৮৫, আল-হাকিম ফিল মুসতাদরাক ২/৭৭, বায়হাকী ফিস সুনান ৯/১৭০, বায়হাকী ফিশ শুআব ৪২৪৯, ৪২৫০, আত-তালীকুর রাগীব ২/১৭৯, সহীহ আবু দাউদ ২২৯১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী বিশর বিন আদম সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৭, ৪/৯০ নং পৃষ্ঠা) ২. সুলায়মান বিন মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি একজন ফকীহ ছিলেন। আতা বিন আবু রাবাহ বলেন, তিনি শামের যুবকদের নেতা ছিলেন। ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭১, ১২/৯২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেন, কোনো মুসলিম ব্যক্তি মহামহিম আল্লাহর পথে একটি উষ্ট্রী দোহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। হাদিসটির মূল শিক্ষা হলো আল্লাহর পথে আন্তরিক অংশগ্রহণের মর্যাদা। সময়ের পরিমাণ এখানে খুব অল্প হিসেবে এসেছে, কিন্তু তা আল্লাহর পথে হলে এর মূল্য বড় হতে পারে। তবে এই কথা সাধারণ উৎসাহ হিসেবে বুঝতে হবে; কে সত্যিই আল্লাহর পথে আছে, তা আল্লাহ ভালো জানেন। হাদিসটি মুমিনকে শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিক কাজকে ছোট করে দেখা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে অল্প সময়ের সংগ্রামও মূল্যবান হতে পারে।
- কাজের পরিমাণের পাশাপাশি নিয়ত ও পথের সঠিকতা গুরুত্বপূর্ণ।
- হাদিসে জান্নাতের সুসংবাদ মুমিনকে নেক কাজে উৎসাহ দেয়।
- আল্লাহর পথে অংশগ্রহণকে হালকা করে দেখা উচিত নয়।
