২৩/৯. অধ্যায়ঃ
যাবিল আরহাম
মামার উত্তরাধিকার: ওয়ারিসহীন ব্যক্তির সম্পদ নিয়ে হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৭৩৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৩৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الزُّرَقِيِّ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّ رَجُلاً، رَمَى رَجُلاً بِسَهْمٍ فَقَتَلَهُ وَلَيْسَ لَهُ وَارِثٌ إِلاَّ خَالٌ فَكَتَبَ فِي ذَلِكَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ إِلَى عُمَرَ فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " اللَّهُ وَرَسُولُهُ مَوْلَى مَنْ لاَ مَوْلَى لَهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ " .
আবূ উমামাহ বিন সাহল বিন হুনায়ফ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি অপর ব্যক্তিকে তীর নিক্ষেপ করে হত্যা করলো। নিহতের এক মামা ছাড়া আর কোনো ওয়ারিস ছিলো না। আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ) বিষয়টি নিয়ে উমর (রাঃ)-কে পত্র লিখেন। উমর (রাঃ) তাকে লিখে জানান যে, নবী (ﷺ) বলেছেনঃ যার কোনো অভিভাবক নেই আল্লাহ ও তাঁর রাসূলই তার অভিভাবক এবং যার কোনো ওয়ারিস নেই মামাই তার ওয়ারিস।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৭৩৭] তিরমিযী ২১০৩, বায়হাকী ফিস সুনান ৬/২১৪, ২১৫, ইবনু হিব্বান ৬০৩৭, আত-তহাবী ৪/৩৯৭, ইবনুল জারুদ ৯৬৪, ইরওয়া ১৭০০, তাখরীজুল মুখতার ৬৮-৭১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আব্দুর রহমান ইবনুল হারিস বিন আয়্যাশ বিন আবু রাবীআহ আয-যুকারী সম্পর্কে আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন, অন্যত্র বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আলী ইবনুল মাদীনী তাকে দুর্বল বলেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার মাঝে কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৮৭, ১৭/৩৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক হত্যার ঘটনার পর উত্তরাধিকার নিয়ে প্রশ্ন আসে। একজন ব্যক্তি আরেকজনকে তীর মেরে হত্যা করে। নিহত ব্যক্তির এক মামা ছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ) বিষয়টি নিয়ে উমর (রাঃ)-কে লিখে জানান। উমর (রাঃ) উত্তরে নবী (صلى الله عليه وسلم)-এর বাণী উল্লেখ করেন: যার কোনো অভিভাবক নেই, আল্লাহ ও তাঁর রাসূলই তার অভিভাবক; আর যার কোনো ওয়ারিস নেই, মামাই তার ওয়ারিস। এই হাদিসে মামার উত্তরাধিকার এমন অবস্থায় এসেছে, যখন অন্য কোনো ওয়ারিস নেই। তাই এর শিক্ষা সীমিতভাবে বোঝা উচিত। ওয়ারিসহীন ব্যক্তির সম্পদ বা দিয়াতের বিষয়ে আত্মীয়তার একটি দিক এখানে স্পষ্ট হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়ারিস না থাকলে মামার উত্তরাধিকার প্রসঙ্গ হাদিসে এসেছে।
- মামার অধিকার এখানে অন্য ওয়ারিস না থাকার অবস্থার সাথে যুক্ত।
- জটিল মীরাস বিষয়ে সাহাবীরা লিখে ফয়সালা জানতে চাইতেন।
- হাদিসের শর্ত বুঝে শিক্ষা নেওয়া দরকার।
