২২/৮. অধ্যায়ঃ
কেউ ওসিয়াত না করে মারা করে গেলে, তার পক্ষ থেকে দান-খয়রাত করা যাবে কি?
মৃত পিতার পক্ষ থেকে সদকা: ওসিয়ত না থাকলেও কল্যাণের পথ
সুনানে ইবনে মাজাহ : ২৭১৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১৬
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ أَبِي مَاتَ وَتَرَكَ مَالاً وَلَمْ يُوصِ فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ تَصَدَّقْتُ عَنْهُ قَالَ " نَعَمْ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, আমার পিতা ধন-সম্পদ রেখে মারা গেছেন কিন্তু ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে দান-খয়রাত করি তবে কি তা তার কাফ্ফারা হবে? তিনি বললেনঃ হ্যাঁ।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৭১৬] মুসলিম ১৬৩০, আল-আহকাম ১৭২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. আবু মারওয়ান মুহাম্মাদ বিন উসমান আল-উসমানী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম বুখারী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪৫৪, ২৬/৮১ নং পৃষ্ঠা) ২. আলা বিন আব্দুর রহমান সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ তার খারাফি সম্পর্কে কারো থেকে কিছু শুনিনি। ইমাম তিরমিযি বলেন, হাদিস বিশারদদের নিকট তিনি সিকাহ। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, আমি কোন সমস্যা দেখি না। ইবনু হিব্বান তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৫৭৭, ২২/৫২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলেন, তার পিতা সম্পদ রেখে মারা গেছেন, কিন্তু ওসিয়ত করে যাননি। সে যদি পিতার পক্ষ থেকে দান-খয়রাত করে, তা কি পিতার জন্য কাফফারা হবে? নবী (صلى الله عليه وسلم) উত্তর দিলেন, হ্যাঁ। হাদিসটি মৃতের পক্ষ থেকে সদকার বিষয়টি সহজভাবে তুলে ধরে। এখানে সন্তান নিজের পিতার জন্য কল্যাণ চাইছে এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে অনুমোদন দিচ্ছেন। তাই কেউ ওসিয়ত না করলেও তার পক্ষ থেকে দান করার একটি পথ আছে। তবে দান করার সময় সম্পদের হক, ওয়ারিসদের অধিকার এবং ন্যায্যতা বজায় রাখা জরুরি—এ কথা একই অধ্যায়ের অন্য হাদিসগুলো থেকেও বুঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওসিয়ত না থাকলেও মৃত পিতার পক্ষ থেকে দান করা যেতে পারে।
- সন্তান পিতার জন্য কল্যাণের কাজ করতে পারে।
- দান করার সময় সম্পদের হক ও ন্যায্যতা বিবেচনা করা দরকার।
