২২/৪. অধ্যায়ঃ
জীবিতকালে কৃপণতা এবং মরণকালে অযাচিত অপব্যয় নিষিদ্ধ
সময়মতো সদকা: শেষ মুহূর্তের আগে প্রস্তুতি
সুনানে ইবনে মাজাহ : ২৭০৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭০৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْسَرَةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ جَحَّاشٍ الْقُرَشِيِّ، قَالَ بَزَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي كَفِّهِ ثُمَّ وَضَعَ أَصْبُعَهُ السَّبَّابَةَ وَقَالَ " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَّى تُعْجِزُنِي ابْنَ آدَمَ وَقَدْ خَلَقْتُكَ مِنْ مِثْلِ هَذِهِ فَإِذَا بَلَغَتْ نَفْسُكَ هَذِهِ - وَأَشَارَ إِلَى حَلْقِهِ - قُلْتَ أَتَصَدَّقُ وَأَنَّى أَوَانُ الصَّدَقَةِ " .
বুস্র বিন জাহ্হাশ আল-কুরাশী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর হাতের তালুতে থুতু ফেলে তার উপর তাঁর হাতের শাহাদাত আঙ্গুল রেখে বলেন, মহামহিম আল্লাহ বলেন, আদম-সন্তান আমাকে কিভাবে অক্ষম করবে, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি এর অনুরূপ জিনিস থেকে। অতঃপর তোমার জান যখন এ পর্যন্ত পৌঁছবে, তিনি তাঁর কণ্ঠনালীর দিকে ইশারা করলেন, তখন তুমি বলবে, আমি দান করবো। অথচ তখন দান-খয়রাত করার সুযোগ কোথায়?
তাহকীক আলবানীঃ হাসান।[২৭০৭] আহমাদ ১৭৩৮৭, সহীহাহ ১০৯৯, ১১৪৩। তাহকীক আলবানীঃ হাসান।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মানুষের সৃষ্টি, ক্ষমতার সীমা এবং মৃত্যুর সময়ের বাস্তবতা খুব শক্তভাবে স্মরণ করিয়েছেন। তিনি হাতের তালুতে থুতু ফেলে তার উপর আঙুল রেখে বলেন, আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কীভাবে অক্ষম করবে, অথচ আমি তোমাকে এর মতো জিনিস থেকে সৃষ্টি করেছি। এরপর যখন প্রাণ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, তখন মানুষ বলে, আমি দান করব। কিন্তু তখন দান করার সুযোগ কোথায়? হাদিসটি শেখায়, সদকা ও ভালো কাজ শেষ মুহূর্তের জন্য রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সম্পদ, জীবন ও সময়—সবই আল্লাহর দান। তাই সুস্থ অবস্থায় দান, ওসিয়ত এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদকা শেষ মুহূর্তে ফেলে রাখা ঠিক নয়।
- মানুষের সৃষ্টি ও মৃত্যু তাকে বিনয়ী হতে শেখায়।
- জীবিত অবস্থায় ভালো কাজের সুযোগ কাজে লাগানো দরকার।
