১৬/২১. অধ্যায়ঃ
পানি বন্টন
সম্পত্তি বণ্টন হাদিস: পুরোনো ভাগ ও ইসলামী নিয়ম
সুনানে ইবনে মাজাহ : ২৪৮৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৮৫
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ قَسْمٍ قُسِمَ فِي الْجَاهِلِيَّةِ فَهُوَ عَلَى مَا قُسِمَ وَكُلُّ قَسْمٍ أَدْرَكَهُ الإِسْلاَمُ فَهُوَ عَلَى قَسْمِ الإِسْلاَمِ " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহিলী যুগে যে জিনিস যেভাবে ভাগ-বাটোয়ারা হয়েছিল, তা সেভাবেই বহাল থাকবে। আর যে সব জিনিসের ভাগ-বাঁটোয়ারা ইসলামী যুগে পড়েছে তা ইসলামের বণ্টন নীতি অনুসারে ভাগ-বাটোয়ারা হবে।
[২৪৮৫] আবূ দাউদ ২৯১৪, ইরওয়া ১৭১৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসা বিন দাউদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৫১, ২৯/৫৭ নং পৃষ্ঠা) ২. মুহাম্মাদ বিন মুসলিম আত-তায়ফী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি সালিহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি প্রত্যেক অবস্থায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে মুখস্ত হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৬০৪, ২৬/৪১২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ভাগ-বাটোয়ারা বা সম্পত্তি বণ্টন নিয়ে একটি নীতি এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, জাহিলী যুগে যে জিনিস যেভাবে ভাগ করা হয়েছিল, তা সেভাবেই বহাল থাকবে। আর যে বণ্টন ইসলামের যুগে এসে পড়েছে, তা ইসলামের বণ্টননীতি অনুযায়ী হবে। হাদিসের মূল শিক্ষা হলো, বণ্টনের সময়কাল ও অবস্থা বিবেচনা করা হবে। পুরোনো কোনো ভাগকে অকারণে নতুন করে নষ্ট করার কথা এখানে বলা হয়নি। আবার ইসলাম আসার পর নতুন বণ্টন হলে সেটি ইসলামী নিয়ম অনুযায়ী হবে। সম্পত্তি ভাগ, অধিকার নির্ধারণ এবং সামাজিক বিরোধ কমানোর ক্ষেত্রে এই হাদিস গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জাহিলী যুগে সম্পন্ন বণ্টন হাদিসের ভাষায় আগের অবস্থায় বহাল থাকবে।
- ইসলামী যুগে হওয়া বণ্টন ইসলামের নীতিতে হবে।
- সম্পত্তি ভাগে সময় ও আইনগত অবস্থার গুরুত্ব আছে।
- বণ্টন নিয়ে বিবাদ হলে নির্ধারিত নিয়মে ফিরতে হবে।
