১২/৪৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি বলে, বাকি লেনদেনই সুদ হয়।
মুদ্রা বিনিময়ে মত প্রত্যাহার: সত্য জানলে ফিরে আসার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২২৫৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৫৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَلِيٍّ الرِّبْعِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، قَالَ سَمِعْتُهُ يَأْمُرُ، بِالصَّرْفِ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - وَيُحَدَّثُ ذَلِكَ عَنْهُ ثُمَّ بَلَغَنِي أَنَّهُ رَجَعَ عَنْ ذَلِكَ فَلَقِيتُهُ بِمَكَّةَ فَقُلْتُ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ رَجَعْتَ . قَالَ نَعَمْ إِنَّمَا كَانَ ذَلِكَ رَأْيًا مِنِّي وَهَذَا أَبُو سَعِيدٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى عَنِ الصَّرْفِ .
আবুল জাওযা' হতে বর্ণিতঃ
আমি ইবনু আব্বাস (রাঃ) সম্পর্কে শুনলাম যে, তিনি মুদ্রার বিনিময় (বাকিতে কম-বেশি) করার বিষয়টি অনুমোদন করছেন এবং তার বরাতে তা বর্ণনা করা হচ্ছে। অতঃপর আমি জানতে পারলাম যে, তিনি এ মত প্রত্যাহার করেছেন। তাই আমি মক্কা শরীফে তার সাথে সাক্ষাত করে বললাম, আমি অবগত হয়েছি যে, আপনি আপনার মত প্রত্যাহার করেছেন। তিনি বলেন, হ্যাঁ। সেটি ছিল আমার ব্যক্তিগত অভিমত। আর এই আবু সাঈদ (রাঃ) রাসুলুল্লাহ (ﷺ)-এর বরাতে বর্ণনা করেছেন যে, তিনি (বাকিতে) মুদ্রার বিনিময় নিষিদ্ধ করেছেন।
[২২৫৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ৫/১৮৭। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর একটি গুরুত্বপূর্ণ আচরণ এসেছে। তাঁর সম্পর্কে শোনা গিয়েছিল যে তিনি মুদ্রার বিনিময় বিষয়ে একটি মত অনুমোদন করতেন। পরে জানা গেল, তিনি সেই মত প্রত্যাহার করেছেন। যখন তাঁর কাছে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, হ্যাঁ, সেটি ছিল তাঁর ব্যক্তিগত অভিমত। এরপর তিনি বলেন, আবু সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বরাতে বর্ণনা করেছেন যে তিনি বাকিতে মুদ্রার বিনিময় নিষিদ্ধ করেছেন। এই হাদিসের শিক্ষা হলো, ব্যক্তিগত মতের উপর নববী বর্ণনাকে অগ্রাধিকার দিতে হয়। সত্য জানা গেলে নিজের আগের মত থেকে ফিরে আসা জ্ঞানের ও সততার পরিচয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ব্যক্তিগত মত ভুল হলে তা প্রত্যাহার করা উচিত।
- নবী (صلى الله عليه وسلم)-এর বর্ণনা ব্যক্তিগত মতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
- মুদ্রা বিনিময়ে বাকির নিষেধের কথা এসেছে।
- সত্য জানার পর ফিরে আসা ভালো গুণ।
