০/৩৮. অধ্যায়ঃ
আলিমদের মর্যাদা এবং জ্ঞানার্জনে উৎসাহিত করা ।
মুসলিমের সহায়তা ও জ্ঞানার্জন: রহমতের পথ
সুনানে ইবনে মাজাহ : ২২৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ " .
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমের পার্থিব বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করলো, আল্লাহ কেয়ামতের দিন তার পারলৌকিক বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করবেন। কোন ব্যক্তি অপর মুসলিমের দোষ গোপন রাখলে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে ব্যক্তি অপর ব্যক্তির কষ্ট-কাঠিন্য সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কষ্ট সহজ করে দিবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় রত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্য-সহায়তায় রত থাকেন।কোন ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোন পথ অবলম্বন করলে, আল্লাহ এই উসীলায় তার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দেন।যখন কোন লোকসমষ্টি আল্লাহর ঘরসমূহের মধ্যকার কোন ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, তখন ফেরেশতা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর প্রশান্তি নাযিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তাঁর নিকটে অবস্থানকারীদের (ফেরেশতা) সাথে তাদের বিষয়ে আলোচনা করেন।(পৃথিবীতে) যার সৎকর্ম কম হবে (আখিরাতে) তার বংশমর্যাদা কোন উপকারে আসবে না।
[২২৩] মুসলিম ২৬৯৯, তিরমিযী ১৪২৫, ১৯৩০, ২৬৪৬, ২৯৪৫; আবূ দাঊদ ১৪৫৫, ৩৬৪৩, ৪৯৪৬; আহমাদ ৭৩৭৯, ৭৮৮২, ৮১১৭, ১০১১৮, ১০২৯৮; দারিমী ৩৪৪, সহীহ্ তারগীব ১/৩১/৬৭ তাহক্বীক্ব আলবানী: সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিম সমাজের সুন্দর কিছু কাজ একসাথে শেখানো হয়েছে। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার বিপদ দূর করে, আল্লাহ কেয়ামতের দিনে তার বিপদ দূর করবেন। যে দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে অন্যের কষ্ট সহজ করে, আল্লাহ তার কষ্ট সহজ করবেন। বান্দা যতক্ষণ ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহও তার সাহায্যে থাকেন। এরপর জ্ঞানার্জনের পথের ফজিলত বলা হয়েছে—যে ইলমের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করেন। আবার মসজিদে কুরআন তিলাওয়াত ও শেখা-শেখানোর সমাবেশে প্রশান্তি, রহমত ও ফেরেশতাদের পরিবেষ্টনের কথা এসেছে। শেষে আমলের গুরুত্ব স্মরণ করানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমের বিপদ ও কষ্ট দূর করা বড় নেক কাজ।
- অন্যের দোষ গোপন রাখা দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ।
- জ্ঞানার্জনের পথ জান্নাতের পথ সহজ হওয়ার উসিলা।
- বংশমর্যাদা নয়, আমলই মানুষের জন্য আসল উপকারের বিষয়।
