১২/৩০. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়কালে শপথ করা নিষেধ।
মিথ্যা শপথে পণ্য বিক্রি: কেয়ামতের কঠিন সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২২০৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২০৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلاَةِ يَمْنَعُهُ ابْنَ السَّبِيلِ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً سِلْعَةً بَعْدَ الْعَصْرِ فَحَلَفَ بِاللَّهِ لأَخَذَهَا بِكَذَا وَكَذَا فَصَدَّقَهُ وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَا فَإِنْ أَعْطَاهُ مِنْهَا وَفَى لَهُ وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا لَمْ يَفِ لَهُ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন শ্রেণীর লোকের সাথে কেয়ামতের দিন মহান আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।(১) যার নিকট নির্জন প্রান্তরে অতিরিক্ত পানি আছে, সে তা পথিক মুসাফিরকে পান করতে বাধা দেয়।(২) যে বিক্রেতা আসরের পর তার পণ্য ক্রেতার নিকট বিক্রয় করে আর আল্লাহর নামে শপথ করে বলে যে, সে এতো এতো মূল্যে তা ক্রয় করেছে এবং ক্রেতা তার কথা বিশ্বাস করেছে, অথচ আসল ব্যাপার তার বিপরীত।(৩) যে ব্যক্তি কেবল পার্থিব স্বার্থ লাভের অভিপ্রায়ে শাসকের আনুগত্য করার শপথ করে, শাসক তাকে কিছু দিলে শপথ পূর্ণ করে এবং না দিলে শপথ ভঙ্গ করে।
[২২০৭] ইবনু মাজাহ ২৮৭০, সহীহুল বুখারী ২৩৫৮, ২৩৬৯, ২৬৭২, ৭২১২, ৭৪৪৬, মুসলিম ১০৮, তিরমিযী ১৫৯৫, নাসায়ী ৪৪৬২, আবূ দাউদ ৩৪৭৪, আহমাদ ৭৩৯৩, ৯৮৬৬, বায়হাকী ফিস সুনান ১০/১৭৭, বায়হাকী ফিশ শু'আব ৩৪৪৪, আল-হাকিম ফিল-মুসতাদরাক ২/৬, মুসান্নাফ আব্দুর রাযযাক ২০৯৯৯, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৯৫৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে কঠিন সতর্কতা এসেছে। প্রথমত, যার কাছে নির্জন স্থানে অতিরিক্ত পানি আছে, কিন্তু পথিককে তা পান করতে দেয় না। দ্বিতীয়ত, যে বিক্রেতা আসরের পর পণ্য বিক্রি করতে গিয়ে আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলে যে সে অমুক দামে কিনেছে, আর ক্রেতা তার কথা বিশ্বাস করে। তৃতীয়ত, যে ব্যক্তি শুধু দুনিয়ার লাভের জন্য শাসকের আনুগত্যের শপথ করে। এই হাদিসে মিথ্যা শপথ, মানুষের প্রয়োজন আটকে রাখা এবং দুনিয়ার স্বার্থে অঙ্গীকার করার বিপদ স্পষ্ট। ব্যবসায় সততা ও মানুষের হক রক্ষা এখানে মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও পথিককে বাধা দেওয়া কঠিন অপরাধ হিসেবে এসেছে।
- মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা বড় ধরনের সতর্কতার বিষয়।
- শুধু দুনিয়ার লাভের জন্য অঙ্গীকার করা নিন্দিত আচরণ।
- মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে সম্পদ নেওয়া থেকে বিরত থাকা জরুরি।
